এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়া মহানগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বগুড়া মহানগরের সাতমাথা, সেউজগাড়ী, হাড্ডিপট্টি ও চকসূত্রাপুর চামড়াগুড়াম এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ডিএনসি বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহরাব হোসেনের নেতৃত্বে অভিযান চালায়। এ সময় তাদের কাছ থেকে ৩০ গ্রাম গাঁজা ও একটি ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মো. শাফিক রহমান (৩৮), পিতা মৃত দেলোয়ার হোসেন দুলু, সাং বারোপুর দক্ষিণপাড়া; মো. মুক্তার হোসেন (৪২), পিতা মৃত আব্দুল জব্বার আকন্দ, সাং চকসূত্রাপুর উত্তরপাড়া; মো. বেলাল প্রামাণিক (৬০), পিতা মৃত জাবেদ প্রামাণিক, সাং সোসানকান্দি, থানা শাজাহানপুর; এবং মো. রিফাত খান (২০), পিতা মো. শাহাদৎ হোসেন, সাং উলিপুর, থানা উল্লাপাড়া, জেলা সিরাজগঞ্জ।
অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতে গ্রেপ্তারদের হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহরাব হোসেন সাজা প্রদান করেন। এর মধ্যে প্রথম আসামি মো. শাফিক রহমানকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড, দ্বিতীয় আসামি মো. মুক্তার হোসেনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
এ ছাড়া তৃতীয় আসামি মো. বেলাল প্রামাণিক ও চতুর্থ আসামি মো. রিফাত খানকে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, মাদকের বিস্তার রোধে মহানগরীর বিভিন্ন এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

