নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদীর মনোহরদী উপজেলায় মাগরিবের নামাজের আগে অজু করার সময় বজ্রপাতে তিন মাদরাসাছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন ছাত্র গুরুতর আহত হয়েছেন।
রোববার (২১ জুন) সন্ধ্যায় উপজেলার পাঁচকান্দি মদিনাতুল উলুম মাদ্রাসায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন জহিরুল হক (১৫), আবু রায়হান (১৪) ও আবু জাফর (১৫)। তাদের সবার বাড়ি কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায়। তারা মাদ্রাসার আবাসিক ছাত্র ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মাগরিবের নামাজের আগে মাদ্রাসার অজুখানায় অজু করার সময় হঠাৎ বজ্রপাত হলে চার শিক্ষার্থী আহত হন। পরে তাদের উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।
শিবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মোসতানশির বিল্লাহ জানান, হাসপাতালে আনার পর তিনজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। আহত অপর শিক্ষার্থীকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা বলেন, বজ্রপাতে চার শিক্ষার্থী আহত হয়। তাদের দ্রুত হাসপাতালে নেওয়া হলে তিনজনের মৃত্যু হয় এবং একজন বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।
ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মিন্টু ইসলাম
Mintuislam59@gmail.com
ইপেপার