ঢাকা প্রতিনিধি: ঢাকা জেলার আইনশৃঙ্খলা কমিটির বৈঠকে ঢাকা-৬ আসনের মাদক, যানজট, ফুটপাত দখল, ধোলাইখাল ট্রাকস্ট্যান্ড ও সদরঘাটসহ বিভিন্ন সমস্যা তুলে ধরেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। একই সঙ্গে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের আনাগোনা এবং পুলিশকে অবহিত করার পরও ব্যবস্থা না নেওয়ার অভিযোগের বিষয়টিও তিনি বৈঠকে তুলে ধরেন।
রোববার (১৩ সেপ্টেম্বর) ঢাকা জেলার আইনশৃঙ্খলা কমিটির বৈঠকে অংশ নিয়ে ইশরাক হোসেন ঢাকা-৬ আসনের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বিভিন্ন এলাকার সমস্যাগুলো সংশ্লিষ্টদের অবহিত করেন।
জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, ঢাকা-১১ আসনের সংসদ সদস্য নাহিদ ইসলাম, ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বৈঠকে বিভিন্ন গোয়েন্দা সংস্থা, মেট্রোপলিটন পুলিশ, জেলা পুলিশ, ম্যাজিস্ট্রেট, সিটি করপোরেশন ও ওয়াসাসহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।
বৈঠকে ইশরাক হোসেন বলেন, ঢাকা-৬ আসনে বর্তমানে মাদকের সমস্যা তীব্র আকার ধারণ করেছে। মাদকের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিভিন্ন এলাকায় সংঘর্ষের ঘটনাও ঘটছে বলে তিনি উল্লেখ করেন। এ সময় গেন্ডারিয়া, ঘুঁটিগড় ও মুনসিরটেকসহ বিভিন্ন এলাকার পরিস্থিতি তুলে ধরেন তিনি।
এ ছাড়া ফুটপাত দখল হয়ে যাওয়ায় পথচারীদের চলাচলে সমস্যা এবং যত্রতত্র বাস ও অন্যান্য যানবাহন থামানোর কারণে সৃষ্ট যানজট ও বিশৃঙ্খলার বিষয়টি তুলে ধরেন সংসদ সদস্য ইশরাক।
ধোলাইখাল ট্রাকস্ট্যান্ড ও সদরঘাটের বিভিন্ন সমস্যার পাশাপাশি কাপ্তানবাজার ও মুরগিপট্টি এলাকার পরিস্থিতি নিয়েও বৈঠকে আলোচনা করেন তিনি।
ইশরাক হোসেন আরও বলেন, সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রকাশ্যে আনাগোনা দেখা যাচ্ছে। এ বিষয়ে পুলিশকে অবহিত করার পরও সংশ্লিষ্ট থানা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে না—এমন অভিযোগও তিনি বৈঠকে তুলে ধরেন।
বৈঠকে ঢাকা-৬ আসনের এসব সমস্যা সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিদের সামনে তুলে ধরে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন সংসদ সদস্য ইশরাক হোসেন।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মিন্টু ইসলাম
Mintuislam59@gmail.com
ইপেপার