আওয়ামী লীগ বাংলাদেশে আর কখনো রাজনীতি করতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নিজেদের কর্মকাণ্ডের মাধ্যমে রাজনৈতিক দলের পরিচয় হারিয়ে সন্ত্রাসী গোষ্ঠীতে পরিণত হয়েছে। গণঅভ্যুত্থানে পতনের পর দলটি আর কখনো গণতান্ত্রিক রাজনীতিতে ফিরতে পারবে না।
বুধবার (২৫ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সমসাময়িক বিষয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সালাহউদ্দিন আহমদ বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে গণহত্যার মাধ্যমে আওয়ামী লীগের পতন ও পলায়ন ঘটেছে। দলটির রাজনৈতিক দল হিসেবে কোনো স্বীকৃতি নেই এবং বাংলাদেশের মানুষও তা দেবে না। ইতিহাসে গণহত্যাকারী ফ্যাসিবাদী শক্তির রাজনীতিতে ফিরে আসার নজির নেই বলেও মন্তব্য করেন তিনি। দণ্ডপ্রাপ্ত আসামি কীভাবে দেশে ফিরতে চান, তা গণমাধ্যমে দেখা গেছে। তবে তাঁকে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী দেশে ফিরতে হবে।
তিনি জানান, সরকার ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কূটনৈতিক চ্যানেলে সংশ্লিষ্ট দেশকে চিঠি দিয়েছে। সংশ্লিষ্ট দেশও আইনানুগভাবে বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।
মন্ত্রী বলেন, ‘আসিব আসিব বলিয়া’ কতদিন পার হবে—কখনো নভেম্বর, কখনো ডিসেম্বর, আবার কখনো ১৬ ডিসেম্বরের কথা বলা হচ্ছে। এসব নিয়ে সরকারের কোনো উদ্বেগ বা চাপ নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।
নাশকতার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা
স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, পলাতক নেতারা সীমান্তের ওপারে অবস্থান করে দেশে থাকা নেতা-কর্মীদের মশাল মিছিল, লকডাউন, শাটডাউন ও হরতালের মতো কর্মসূচির নির্দেশনা দিচ্ছেন। এসব কর্মসূচির মাধ্যমে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, পলাতক নেতারা দেশে থাকা নেতা-কর্মীদের প্রতারণা ও ফাঁদে ফেলে বিপদের মুখে ঠেলে দিচ্ছেন। জনগণ এসব অপতৎপরতা মেনে নেবে না।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধৈর্য ও কৌশলের সঙ্গে পূর্বের অপচেষ্টা ভণ্ডুল করেছে। ভবিষ্যতে কেউ উগ্রবাদী তৎপরতা, অগ্নিসন্ত্রাস কিংবা জনগণের জানমালের ক্ষতি করার চেষ্টা করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ও বিচার প্রসঙ্গে
আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করার প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি চলমান বিচারিক প্রক্রিয়ার অংশ। আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) (সংশোধন) আইন, ২০২৬ এবং সংবিধানের ৪৭ অনুচ্ছেদ অনুযায়ী মানবতাবিরোধী অপরাধে ব্যক্তি, দল বা সংগঠনকে বিচারের আওতায় আনার বিধান রয়েছে।
তিনি জানান, অন্তর্বর্তী সরকারের সময়ে প্রজ্ঞাপনের মাধ্যমে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। নির্বাচন কমিশনও দলটির নিবন্ধন স্থগিত রেখেছে।
বিজিবি মোতায়েন নিয়মিত কার্যক্রম
বিভিন্ন জেলায় বিজিবি মোতায়েন প্রসঙ্গে মন্ত্রী বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোথাও অস্থিরতা সৃষ্টির আশঙ্কা দেখা দিলে পুলিশের পাশাপাশি বিজিবিসহ অন্যান্য বাহিনী মোতায়েন করা নিয়মিত কার্যক্রম।
তিনি জানান, মহান বিজয় দিবস নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্বে আন্তঃমন্ত্রণালয় সভার মাধ্যমে নিরাপত্তা ও আনুষঙ্গিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
গোপালগঞ্জে পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা
গোপালগঞ্জে নাশকতা ও পুলিশের কয়েকজন কর্মকর্তার সম্পৃক্ততা বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারি চাকরিতে থেকে রাজনৈতিক পক্ষপাতিত্ব বা ষড়যন্ত্রে জড়িত থাকার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কয়েকজন পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও বিভাগীয় মামলা করা হয়েছে।
সম্প্রতি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাসিন্দা ও কর্মরত একজন অতিরিক্ত পুলিশ সুপারকেও ক্লোজ করা হয়েছে বলে জানান তিনি।
শ্রমিক অসন্তোষ নিয়ে বক্তব্য
গার্মেন্টস খাতে শ্রমিক অসন্তোষ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সম্মতিতে এবং মজুরি বোর্ডের মাধ্যমে গণতান্ত্রিক উপায়ে ন্যূনতম মজুরি নির্ধারণ ও স্বাক্ষরিত হয়েছে। এতে প্রকৃত শ্রমিক ও মালিকরা সন্তুষ্ট।
তিনি অভিযোগ করেন, একটি মহল গুজব ছড়িয়ে শ্রমিক অঞ্চলে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে এবং বিষয়টিকে রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে ব্যবহার করতে চাইছে। আইনশৃঙ্খলা বাহিনী ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে এবং এর পেছনের ইন্ধনদাতাদের খতিয়ে দেখা হচ্ছে।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা
ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের বিষয়ে মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী ইতোমধ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কয়েকজন নেতার সঙ্গে সাক্ষাৎ করেছেন। জোটগতভাবে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গেও আলোচনার পরিকল্পনা রয়েছে।
সংবাদ ব্রিফিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মিন্টু ইসলাম
Mintuislam59@gmail.com
ইপেপার