দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
ই-এপোস্টিল প্রক্রিয়ায় সত্যায়নকৃত বাংলাদেশি সনদপত্রের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা আরও সুসংহত করার লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি আন্তমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মিজ শামা ওবায়েদ ইসলাম, এমপি সভাপতিত্ব করেন। এতে সরকারি ২৬টি মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর ও দপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তারা অংশ নেন।
সভায় সনদের মূল কপি যাচাই প্রক্রিয়া আরও জোরদার, সংশ্লিষ্ট ইস্যুকারী কর্তৃপক্ষগুলোকে ই-এপোস্টিল প্রক্রিয়ার আওতায় যুক্ত করা এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।
সনদপত্রের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা বজায় রাখা এবং নাগরিকদের দ্রুত ও নির্ভরযোগ্য সেবা নিশ্চিত করাকে সভার অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে গুরুত্ব দেওয়া হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ৩০ মার্চ বাংলাদেশে ই-এপোস্টিল সেবা চালুর পর থেকে এ পর্যন্ত ২৯ লাখের বেশি এপোস্টিল সনদ ইস্যু করা হয়েছে। শিক্ষা সনদ, পুলিশ ক্লিয়ারেন্স, চিকিৎসা, বিবাহ, জন্ম ও অভিজ্ঞতা সনদ এবং জাতীয় পরিচয়পত্রসহ বিভিন্ন ধরনের নথির ক্ষেত্রে এ সেবা দেওয়া হচ্ছে।
মাইগভ প্ল্যাটফর্মের মাধ্যমে অনলাইনে ই-এপোস্টিল সেবা চালু হওয়ায় নাগরিকদের সরাসরি দপ্তরে গিয়ে সেবা নেওয়ার প্রয়োজনীয়তা কমেছে। এতে সনদ সত্যায়নের ক্ষেত্রে সময় ও অর্থ সাশ্রয়ের পাশাপাশি নাগরিক ভোগান্তিও কমেছে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মিন্টু ইসলাম
Mintuislam59@gmail.com
ইপেপার