এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়া শহরের ইয়াকুবিয়া মোড়ে অবস্থিত কাচ্চি ডাইন রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণের অভিযোগে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার (২৮ জুন ২০২৬) দুপুর ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত পরিচালিত অভিযানে রেস্টুরেন্টটির রান্নাঘর ও স্টোররুমে একাধিক স্বাস্থ্যবিধি লঙ্ঘনের চিত্র উঠে আসে। অভিযানে দেখা যায়, কাঁচা মাছ ও মাংসের সঙ্গে টক দই, মসলা এবং অন্যান্য খাদ্যসামগ্রী একই ফ্রিজে সংরক্ষণ করা হচ্ছে, যা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনার নীতিমালার পরিপন্থী।
এছাড়া পরিদর্শনের সময় ফাঙ্গাসযুক্ত ও নষ্ট বাসমতি চাল দিয়ে কাচ্চি প্রস্তুতের প্রমাণ পাওয়া যায় বলে জানায় ভোক্তা অধিদপ্তর। রান্নাঘর ও স্টোররুমে ইঁদুর এবং টিকটিকির অবাধ বিচরণ, পাশাপাশি খাদ্য প্রস্তুত ও সংরক্ষণের বিভিন্ন সরঞ্জামে তাদের মলমূত্রের উপস্থিতিও লক্ষ্য করা হয়, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত হয়।
এসব অনিয়মের বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধির স্বীকারোক্তির ভিত্তিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী কাচ্চি ডাইন, বগুড়া-কে ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান। এ সময় উপস্থিত ছিলেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেছা ফৌজিয়া। অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে র্যাব-১২ এবং জেলা পুলিশ।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বাস্থ্য ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে সকল খাদ্য ব্যবসায়ীকে স্বাস্থ্যবিধি ও নিরাপদ খাদ্য সংক্রান্ত আইন যথাযথভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মিন্টু ইসলাম
Mintuislam59@gmail.com
ইপেপার