শেরপুর বগুড়া প্রতিনিধি:
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় মাদক সেবনের দায়ে বগুড়ার শেরপুর উপজেলার পাঁচ যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৩০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
গতকাল সন্ধ্যায় কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন— বগুড়ার শেরপুর পৌরসভার উত্তর সাহাপাড়া এলাকার ইউনুস ফকিরের ছেলে আলম (২০), মোস্তাকের ছেলে মাসুদ রানা (১৯), শামসুল মন্ডলের ছেলে রনি (২৬), সাইফুল ইসলামের ছেলে সাজিদ (২০) এবং গাড়িদহ ইউনিয়নের রণবীরবালা গ্রামের মোতালেবের ছেলে আবু হাশেম (২৩)।
কাজিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান জানান, অভিযুক্তরা শেরপুরের সুইপার কলোনি এলাকা থেকে চোলাই মদ সংগ্রহ করে একটি ইজিবাইকে করে কাজিপুর উপজেলার মেঘাই ঘাট এলাকায় ঘুরতে আসে। সেখানে তারা মাদক সেবনের প্রস্তুতি নিচ্ছিল। এ সময় পুলিশের নিয়মিত টহল দল অভিযান চালিয়ে তাদের মাদকসহ হাতেনাতে আটক করে।
পরে আটক ব্যক্তিদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তারা নিজেদের অপরাধ স্বীকার করেন। আদালত তাদের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। দণ্ডাদেশ কার্যকরের জন্য তাদের সিরাজগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মিন্টু ইসলাম
Mintuislam59@gmail.com
ইপেপার