দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে আজ রোববার কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
পরে মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাটে মাছের পোনা বিতরণ ও স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি।
সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কিশোরগঞ্জ সফরে রয়েছেন প্রধানমন্ত্রী। সফরের শুরুতে সকাল ৯টা ৪০ মিনিটে ঢাকার নিজ বাসভবন থেকে সড়কপথে পাকুন্দিয়ার উদ্দেশে রওনা হন তিনি।
সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী কটিয়াদী কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন, আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও পুরস্কার বিতরণে অংশ নেবেন।
এ ছাড়া ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন ও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। বিকেল ৪টায় কিশোরগঞ্জ পৌরসভার পুরাতন স্টেডিয়াম মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ, অনুদান প্রদান এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধন করার কথা রয়েছে।
দিনব্যাপী কর্মসূচি শেষে বিকেল ৬টায় সড়কপথে ঢাকার উদ্দেশে কিশোরগঞ্জ ত্যাগ করবেন প্রধানমন্ত্রী।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মিন্টু ইসলাম
Mintuislam59@gmail.com
ইপেপার