
ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ জনাব মোঃ আলী হোসেন ফকির বিপিএম বলেছেন, যারা দেশে অশান্তি সৃষ্টির জন্য গুজব ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বলেন, ষড়যন্ত্রকারীদেরকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।
আইজিপি ২৭ নভেম্বর ২০২৬ (শুক্রবার) বিকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে শহীদ এসআই শিরুমিয়া মিলনায়তনে "বাংলাদেশ পুলিশ জুডো, কারাতে, তায়কোয়ানডো ও উশু চ্যাম্পিয়নশিপ-২০২৬" এর চূড়ান্ত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
আইজিপি দৃঢ় প্রত্যয় ও মনোবল নিয়ে পেশাদারত্বের সাথে দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের প্রতি আহবান জানান।
তিনি বলেন, খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশ ঘটে। পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনেও খেলাধুলার ভূমিকা রয়েছে। তিনি ক্রীড়াক্ষেত্রে নৈপুণ্য প্রদর্শনের জন্য নিয়মিত অনুশীলনের ওপর গুরুত্বারোপ করেন।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাডিশনাল আইজি গ্রেড-১ (ফিন্যান্স) ও বাংলাদেশ পুলিশ জুডো, কারাতে, তায়কোয়ানডো ও উশু ক্লাবের সভাপতি মোঃ আকরাম হোসেন। এ সময় অ্যাডিশনাল আইজি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেনসহ অতিরিক্ত আইজিগণ, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও সদস্যগণ এবং বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন। চূড়ান্ত প্রতিযোগিতার শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন এআইজি (হেলথ, ওয়েলফেয়ার অ্যান্ড পেনশন) ও ক্লাবের সম্পাদক এ. এন. এম. মারুফ আব্দুল্লাহ।
অনুষ্ঠানে শিশুরা এক মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করে।
চূড়ান্ত প্রতিযোগিতায় জুডোতে চ্যাম্পিয়ন হয়েছে ডিএমপি, রানার আপ চট্টগ্রাম রেঞ্জ। তায়কোয়ানডো প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে কেএমপি, রানার আপ হয়েছে সিএমপি দল। উশুতে চ্যাম্পিয়ন ডিএমপি এবং রানার আপ চট্টগ্রাম রেঞ্জ। কারাতে ইভেন্টে চ্যাম্পিয়নের শিরোপা জিতেছে চট্টগ্রাম রেঞ্জ এবং রানার আপ হয়েছে সিএমপি।
পরে আইজিপি বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
উল্লেখ্য, গত ৮ নভেম্বর ২০২৬ (রবিবার) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে এ প্রতিযোগিতা শুরু হয়।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মিন্টু ইসলাম
Mintuislam59@gmail.com
ইপেপার