
আমি প্রিয়তমা আগে দেখিনি। মহামান্য রাষ্ট্রপতি ও সংশ্লিষ্ট কলাকুশলীদের সাথেই বিশেষ শো দেখেছি। ছবিটি দেখার পর আমার অভিনয় দেখে মহামান্য রাষ্ট্রপতির প্রতিক্রিয়া ছিলো চমৎকার। তিনি আমার অভিনয়ের প্রশংসা করেছেন। মহামান্য'র সরাসরি প্রশংসা আমার জন্য যা ছিলো স্মরণীয় একটি মুহূর্ত।
দেশীয় চলচ্চিত্রের আশা জাগানিয়া অভিনেত্রী এলিনা শাম্মী নিজের অনুভূতি প্রকাশ করলেন এভাবেই। গেলো ১ সেপ্টেম্বর রাজধানীর মহাখালীর স্টার সিনেপ্লেক্স শাখায় শাকিব খান অভিনীত ও হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’ ছবির বিশেষ প্রদর্শনীতে উপস্থিত ছিলেন মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ছেলে আরশাদ আদনান প্রযোজিত ছবিটি দেখে অন্য সবার মতো তাঁর প্রশংসা পেয়েছেন এলিনা শাম্মীও।
এই ছবিতে বিশেষ একটি চরিত্রে অভিনয় করেছেন এলিনা শাম্মী। তিনি বলেন, ছবিটি নিয়ে দেশ - বিদেশ থেকে প্রচুর প্রতিক্রিয়া পেয়েছি। দেশের বাইরে বসবাসরত আত্মীয় - স্বজন, বন্ধুরা ছবিটি দেখে জানিয়েছে তাদের ভালোলাগার কথা। উচ্ছ্বাস প্রকাশ করেছে। বিশেষ প্রদর্শনী শেষে অভিনেত্রী তারিন, কণ্ঠশিল্পী কোনাল জানিয়েছেন আমার অভিনয় তাদের ভালো লেগেছে।
অতি অভিনয় করিনি - সেই কথা জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই ছবিতে অভিনয়ের জন্য প্রচুর সাধুবাদ এখনও পাচ্ছি। ‘প্রিয়তমা’র সাফল্যের রেশ কাটতে না কাটতেই শাম্মীকে দেখা যায় জাজ মাল্টিমিডিয়ার ‘এমআর ৯’ ছবিতে। এই ছবিটি প্রসঙ্গে তিনি বলেন, এটি আন্তর্জাতিক মানের একটি ছবি। এখানে কাজ করে ভালো অভিজ্ঞতা হয়েছে।
শাম্মী আশাবাদী তার মুক্তি প্রতীক্ষিত আগামী ছবিগুলো নিয়েও। বেশ কয়েকটি ছবি মুক্তি পেতে যাচ্ছে ক্রমান্বয়ে। তিনি জানালেন, তানভির হাসানের ‘মধ্যবিত্ত’ ছবির গল্প আমার চরিত্রকে নিয়ে আবর্তিত হয়েছে। ‘রানু’ নামের এ চরিত্রে বিভিন্ন শেড আছে। চলতি বছর ছবিটি মুক্তি পেতে পারে। এছাড়া বন্ধন বিশ্বাসের ‘ছায়াবৃক্ষ’ ছবিতে চমৎকার একটি চরিত্রে অভিনয় করেছি। এখানে আমার বিপরীতে আছেন শতাব্দী ওয়াদুদ। কিছুদিন আগে শেষ করেছি মাসুদ পথিকের ‘বক’ ছবির কাজ।
এখানে আমি একজন শিক্ষিকার চরিত্রে অভিনয় করেছি। অপূর্ব রানার ‘জলরঙ’ও মুক্তি পাবে শীঘ্রি। অন্যদিকে মুক্তি পাওয়া মুশফিকুর রহমান গুলজারের ‘টুঙ্গিপাড়ার দু:সাহসী খোকা’ ছবিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছি। মুক্তির অপেক্ষায় থাকা শ্যাম বেনেগাল পরিচালিত বঙ্গবন্ধুর বায়োপিকে খালেদা জিয়ার চরিত্রে রূপদান করেছি। শাম্মী আরও বলেন, সাইফ চন্দনের ‘কয়লা’ ছবিতে একজন রাজনৈতিক নেত্রীর ভূমিকায় অভিনয় করেছি। এটিও দারুণ একটি চরিত্র। ছবিটির শুটিং শেষ। এসব ছবির পর পর্যায়ক্রমে অন্যান্য ছবির কাজ কিছু শুরু হয়েছে এবং কিছু কাজ শুরু হবে।
মুক্তি প্রতিক্ষীত ছবিগুলোয় চরিত্রের বৈচিত্র্যতার কথা জানিয়ে শাম্মী বলেন, আমার সৌভাগ্য একই ধরণের চরিত্রে নয় বরং ভিন্ন চরিত্রের জন্য নির্মাতারা আমাকে ভাবছেন। প্রত্যেকটি ছবির চরিত্র একটি অন্যটির চেয়ে আলাদা।এদিকে ‘জানোয়ার’ ওয়েব ফিকশনের জন্য এখনও দর্শকের প্রতিক্রিয়া পান বলে জানান শাম্মী। তিনি বলেন, বিভিন্ন জায়গায় গেলে মানুষজন ‘জানোয়ার’ এর প্রসঙ্গ তোলে। তাদের প্রতিক্রিয়া জানায়। রাসেল মিয়ার ‘ভাইয়ারে’ ছবিটির জন্যও প্রচুর সাড়া পাচ্ছি।
সবশেষে অন্যান্য কাজ প্রসঙ্গে সুন্দরী এই অভিনেত্রী বললেন, জাহিদুল ইসলাম মিন্টু পরিচালিত ‘অক্টোপাস’ ধারাবাহিকে কাজ করছি। এটিএন বাংলায় প্রচারিত হচ্ছে। এখানে বিভিন্ন ছদ্মবেশ ধরতে হয়। ভার্সেটাইল একটি চরিত্র। আমার সাথে আছেন ডাক্তার এজাজ, তানভির প্রমুখ। এটির জন্য প্রচুর সাড়া মিলছে। এ ছাড়া ইউএনডিপির দুটো বিজ্ঞাপনচিত্রে কাজ করেছি। সেগুলোর জন্যও দর্শকের ইতিবাচক সাড়া পেয়েছি। তবে সাম্প্রতিক সময়ে আমি চলচ্চিত্র ক্যারিয়ারেই বেশি ব্যস্ত। বলতে পারেন আমার অভিনীত ছবিগুলো আমার চলচ্চিত্র ক্যারিয়ারের পালে উজ্জ্বলতা বাড়াচ্ছে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মিন্টু ইসলাম
Mintuislam59@gmail.com
ইপেপার