দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
ঢাকা, ১৭ আগস্ট ২০২৬:
অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সামাজিক ব্যবসা নিয়ে একাডেমিক আলোচনা করেছেন জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ব্যবসায়ী ও পেশাজীবীদের সমন্বয়ে গঠিত ১৬ সদস্যের একটি প্রতিনিধিদল।
রোববার ঢাকার মিরপুরে ইউনূস সেন্টারে অধ্যাপক ইউনূসের কার্যালয়ে এ প্রতিনিধিদল সাক্ষাৎ করে। এ সময় জাপানি প্রতিনিধিরা বাংলাদেশের প্রতি তাদের আগ্রহের কথা জানান। পাশাপাশি বাংলাদেশ ও জাপানের মধ্যে জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ, ব্যবসায়িক সম্পর্ক এবং প্রাতিষ্ঠানিক সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা করেন।
অধ্যাপক ইউনূস বাংলাদেশ ও জাপানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরে নিজ নিজ ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালনের মাধ্যমে দুই দেশের বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ ব্যবসায়িক ও সহযোগিতামূলক সম্পর্ক আরও শক্তিশালী করার আহ্বান জানান।
অধ্যাপক ইউনূস তাঁর প্রধান উপদেষ্টা থাকাকালে জাপান সফরের কথাও স্মরণ করেন। তিনি জানান, সে সময় জাপান সরকারের প্রতিনিধিরা দেশটির ক্রমবর্ধমান শ্রমিক সংকট মোকাবিলায় বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা করেছিলেন। এ ক্ষেত্রে ভবিষ্যতে আরও সহযোগিতার ব্যাপক সম্ভাবনা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
সাক্ষাৎকালে অধ্যাপক ইউনূস গ্রামীণের দর্শন ও বিভিন্ন কার্যক্রম সম্পর্কে প্রতিনিধিদলকে অবহিত করেন। তিনি বলেন, গ্রামীণের উদ্যোগগুলো মানুষের সক্ষমতা, সৃজনশীলতা ও উদ্যোক্তা হওয়ার সম্ভাবনাকে কেন্দ্র করে পরিচালিত হয়। সামাজিক ব্যবসার ধারণা ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে, বিশেষ করে জাপানেও ব্যাপক পরিচিতি ও জনপ্রিয়তা লাভ করেছে বলেও তিনি উল্লেখ করেন।
অধ্যাপক ইউনূস বলেন, অর্থনৈতিক কর্মকাণ্ডের চূড়ান্ত লক্ষ্য হওয়া উচিত ‘থ্রি জিরো’ বিশ্ব প্রতিষ্ঠা—শূন্য নিট কার্বন নিঃসরণ, দারিদ্র্য দূর করতে শূন্য সম্পদ কেন্দ্রীকরণ এবং উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে শূন্য বেকারত্ব।
তিনি জানান, মানুষের উদ্যোক্তা হওয়ার সম্ভাবনা বাস্তবায়নের সুযোগ সৃষ্টি এবং সামাজিক ও পরিবেশগত সমস্যার সমাধান তৈরির মাধ্যমে এসব লক্ষ্য অর্জনে গ্রামীণ প্রতিষ্ঠানগুলো নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
সাক্ষাতে শিক্ষা, ব্যবসা, সামাজিক উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও জাপানের মধ্যে সহযোগিতা আরও জোরদার এবং দুই দেশের দীর্ঘদিনের সম্পর্ক আরও গভীর করার সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।
প্রতিনিধিদলে ছিলেন হিরোশিমা প্রিফেকচারাল ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অব বায়োরিসোর্স সায়েন্সেস/ফ্যাকাল্টি অব লাইফ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেসের ডিন অধ্যাপক শিনজিরো ওগিতা, মাস্টারবায়ো কোম্পানি লিমিটেড/ওকায়ামা ইউনিভার্সিটি অব সায়েন্সের হিরোকি হামাদা, নাগাসে ভিটা কোম্পানি লিমিটেডের রিসার্চ অ্যান্ড টেকনোলজি বিভাগের প্রফেশনাল কনসাল্টিং ইঞ্জিনিয়ার দাইজো কুদো, টোকাই ইউনিভার্সিটির মিওয়া আবে, তাদাশি উচিয়ামা ও ইয়োশিও মায়েদা, ওয়েস্ট-ওকায়ামা মেডিকেল ক্লিনিকের নির্বাহী পরিচালক ও সিইও সেইজি ইশিমোতো, জেনমিরাই জাপান গ্রুপের সিইও ইয়াসুহিরো কাওয়ামোতো, হামিংবার্ডের প্রতিনিধি পরিচালক ইউতা শিগেমোরি, সাকুরা গ্রুপ ও তসুরুইশি গাকুয়েনের চেয়ারম্যান/প্রেসিডেন্ট বুনহি তসুরুইশি, পাথফাইন্ডার কোম্পানি লিমিটেডের সিইও তোশিয়ুকি মায়েদা এবং ওকায়ামা বিজনেস কলেজের আন্তর্জাতিক বিভাগের ড. মো. জিয়াউল করিম।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মিন্টু ইসলাম
Mintuislam59@gmail.com
ইপেপার