ঢাকা প্রতিনিধি:
বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগ সম্প্রসারণের বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে বহুজাতিক জ্বালানি কোম্পানি শেভরনের (Chevron) একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।
রোববার (১৩ সেপ্টেম্বর ২০২৬) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। শেভরনের বেস অ্যাসেটস ও উদীয়মান দেশবিষয়ক প্রেসিডেন্ট জাভিয়ার লা রোসার (Javier La Rosa) প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।
সাক্ষাতে বাংলাদেশের জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি, ভবিষ্যৎ সম্ভাবনা এবং এ খাতে বিনিয়োগ বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
বিশেষ করে দেশে বিদ্যমান ও পুরোনো গ্যাসক্ষেত্রগুলোতে বিনিয়োগ সম্প্রসারণের পাশাপাশি নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনের বিনিয়োগের সম্ভাবনা নিয়ে গুরুত্বসহকারে আলোচনা করা হয়।
আলোচনায় বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণ, গ্যাসের সরবরাহ বাড়ানো এবং দেশের জ্বালানি নিরাপত্তা আরও শক্তিশালী করার ক্ষেত্রে বিনিয়োগ ও অনুসন্ধান কার্যক্রমের গুরুত্ব উঠে আসে।
প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের জ্বালানি খাতে দেশি-বিদেশি বিনিয়োগের সুযোগ সম্প্রসারণ এবং বিদ্যমান সম্পদের সর্বোচ্চ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। এ সময় জ্বালানি খাতে দীর্ঘমেয়াদি ও টেকসই বিনিয়োগের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন ও শিল্পখাতের জ্বালানি চাহিদা পূরণে সহযোগিতার বিষয়েও আলোচনা হয়।
শেভরন বাংলাদেশের গ্যাস খাতে দীর্ঘদিন ধরে কার্যক্রম পরিচালনা করে আসছে।
দেশের বিদ্যমান গ্যাসক্ষেত্রের উৎপাদন ও অনুসন্ধান কার্যক্রমে কোম্পানিটির অভিজ্ঞতা রয়েছে। নতুন বিনিয়োগের মাধ্যমে গ্যাস অনুসন্ধান ও উৎপাদন বাড়ানো গেলে দেশের জ্বালানি সরবরাহে ইতিবাচক প্রভাব পড়তে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
সৌজন্য সাক্ষাতে সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তা ও শেভরনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মিন্টু ইসলাম
Mintuislam59@gmail.com
ইপেপার