দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
দিনাজপুরে আট বছর বয়সী রাকিব নামের এক শিশু ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়ে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি হয়েছে। অভিযোগ উঠেছে, শিশুটির পায়ুপথ দিয়ে ভলকানাইজিংয়ের হাওয়া মেশিনের মাধ্যমে শরীরে বাতাস প্রবেশ করানো হলে তার শারীরিক অবস্থার গুরুতর অবনতি ঘটে।
ঘটনাটি জানার পর সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন শিশুটির চিকিৎসার বিষয়ে বিশেষ নজর রাখার জন্য টিএমএসএসের নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগমকে নির্দেশ দেন।
মন্ত্রীর নির্দেশনার পর অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম ঢাকা থেকে সরাসরি হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন শিশুটির শয্যাপাশে অবস্থান করেন। এ সময় তিনি চিকিৎসার সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। সংশ্লিষ্টদের কাছ থেকে তিনি জানতে পারেন, বর্তমানে শিশুটির শারীরিক অবস্থা শঙ্কামুক্ত।
প্রত্যন্ত গ্রামের দরিদ্র পরিবারের এই শিশুর চিকিৎসার বিষয়ে মন্ত্রীর আন্তরিকতা ও টিএমএসএস কর্তৃপক্ষের সহযোগিতার বিষয়টি স্থানীয়ভাবে আলোচনায় এসেছে।
এ ধরনের মানবিক উদ্যোগ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর কার্যক্রম সমাজকল্যাণমূলক সেবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মিন্টু ইসলাম
Mintuislam59@gmail.com
ইপেপার