শেরপুর বগুড়া প্রতিনিধি:
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, মশার প্রজননস্থল ধ্বংস এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে বগুড়ার শেরপুর পল্লী উন্নয়ন একাডেমিতে মশা নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬-এর ধারাবাহিকতায় শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় পল্লী উন্নয়ন একাডেমি, বগুড়ায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
একাডেমির প্রশাসন ভবনের সামনে কর্মসূচির উদ্বোধন করেন পল্লী উন্নয়ন একাডেমি, বগুড়ার মহাপরিচালক ড. মো. আব্দুল মজিদ প্রামাণিক।
উদ্বোধনের পর একাডেমির বিভিন্ন বিভাগের পরিচালক ও ইউনিট ইনচার্জদের নেতৃত্বে কর্মকর্তা-কর্মচারীরা নিজ নিজ কর্মস্থলে পরিষ্কার-পরিচ্ছন্নতা, মশার প্রজননস্থল ধ্বংস এবং মশা নিধন কার্যক্রমে অংশ নেন।
কর্মসূচিতে পল্লী উন্নয়ন একাডেমি, বগুড়া এবং আরডিএ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের কর্মকর্তা-কর্মচারীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। এ সময় পল্লী উন্নয়ন একাডেমি, গোপালগঞ্জের মহাপরিচালক, আরডিএ বগুড়ার পরিচালকবৃন্দ, বিভিন্ন ইউনিটের ইনচার্জসহ একাডেমির কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে নিজ নিজ কর্মস্থল ও আবাসিক এলাকার আশপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংস করা জরুরি। সম্মিলিত সচেতনতা ও নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমে মশাবাহিত এসব রোগের ঝুঁকি কমানো সম্ভব।
কর্মসূচির মাধ্যমে সবাইকে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মিন্টু ইসলাম
Mintuislam59@gmail.com
ইপেপার