ঢাকা প্রতিনিধিঃ
রাজধানী ঢাকাসহ দেশের ৬ জেলায় আগামী ৩০ জুন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে সরকার। সোমবার (২২ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-২ শাখা থেকে জারি করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।
চিঠিতে বলা হয়েছে, ঢাকা মেট্রোপলিটন এলাকা, চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকা, গাজীপুর মেট্রোপলিটন এলাকা, নারায়ণগঞ্জ জেলা, গোপালগঞ্জ জেলা এবং ফরিদপুর জেলা-এ শান্তিশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনগণের জানমালের সুরক্ষার লক্ষ্যে প্রয়োজনীয় সংখ্যক সেনাসদস্য মোতায়েন করা হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় উল্লেখ করা হয়, দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সংগঠনের বেআইনি মিছিল, শোডাউন ও অন্যান্য কর্মসূচির মাধ্যমে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা রয়েছে। এর ফলে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং জানমালের ক্ষয়ক্ষতির সম্ভাবনা দেখা দেওয়ায় ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি, তবে সরকার সবসময় সতর্ক রয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা বাড়ানোর অংশ হিসেবে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
তিনি আরও বলেন, বিরোধী দলের সভা-সমাবেশ করা গণতান্ত্রিক অধিকার এবং বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় ভালো রয়েছে।
সরকারি নির্দেশনা অনুযায়ী, ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত উল্লিখিত এলাকাগুলোতে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সেনাবাহিনী দায়িত্ব পালন করবে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মিন্টু ইসলাম
Mintuislam59@gmail.com
ইপেপার