ঢাকা প্রতিনিধি:
ঢাকা, ১৮ সেপ্টেম্বর ২০২৬: মানবাধিকার, গুম প্রতিরোধ, এসআরবি ও সাইবার আইনে সংশোধন এবং নাগরিকদের সাংবিধানিক মৌলিক অধিকার নিশ্চিতের দাবিতে জাতীয় সংসদ ভবনের সামনে মানববন্ধন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম সরকারের বিভিন্ন কার্যক্রমের সমালোচনা করেন। তিনি বলেন, তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়। তারেক রহমানকে তিনি ‘নতুন স্বৈরাচার’ হিসেবে আখ্যায়িত করেন। তবে তার ভাষ্য, জনগণ রাজপথে আন্দোলনের মাধ্যমে সরকারের ‘স্বৈরাচারী প্রবণতা’ প্রতিহত করবে।
ভিন্নমতের নাগরিকদের বিরুদ্ধে মামলা ও তাদের অবস্থান নিয়ে প্রশ্ন তুলে নাহিদ ইসলাম বলেন, মিরাজ শেখের পাঁচ মাস ধরে কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। গাজী সালাউদ্দিন তানভীর হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দেওয়ার বিষয়েও তিনি প্রশ্ন তোলেন। একই আইনে গাজীপুরের সিফাতের বিরুদ্ধে মামলা এবং তারেক রহমানকে নিয়ে মিম তৈরির বিষয়েও তিনি প্রশ্ন করেন।
গুমসংক্রান্ত আইন ও সাইবার সুরক্ষা আইনের সংশোধনের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, গুমের অভিযোগ ভুল প্রমাণিত হলে অভিযোগকারীর শাস্তির বিধান থাকলে মানুষ অভিযোগ করতে নিরুৎসাহিত হতে পারে। তিনি গুমের অভিযোগ তদন্তে মানবাধিকার কমিশনের নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করার দাবি জানান।
তিনি আরও বলেন, বিএনপি বিরোধী দলে থাকার সময় গুমের বিষয়ে আন্তর্জাতিক ও জাতিসংঘের তদন্ত দাবি করেছিল। বর্তমানে তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে তদন্তের উদ্যোগ নিচ্ছে বলে তিনি অভিযোগ করেন। একই সঙ্গে সাইবার সুরক্ষা আইনের সংশোধনের নামে মতপ্রকাশের অধিকার যেন ক্ষুণ্ন না হয়, তা নিশ্চিত করার দাবি জানান।
দুর্নীতি দমন কমিশন (দুদক) নিয়েও সরকারের সমালোচনা করেন এনসিপির আহ্বায়ক। তিনি অভিযোগ করেন, দুদক পুনর্গঠন না করে এনসিপি ও বিরোধী দলকে লক্ষ্যবস্তু করা হচ্ছে। একই সঙ্গে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত সময়ের দুর্নীতির অভিযোগ তদন্তের আহ্বান জানান তিনি।
জাতীয় সংসদকে ঘিরে সরকারের ভূমিকার সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, মানবাধিকার সুরক্ষার প্রতিশ্রুতির পরিবর্তে মানবাধিকার হরণের সুযোগ তৈরি করে এমন আইন ও প্রতিষ্ঠান গড়ে তোলা হচ্ছে। দেশের মৌলিক ও গণতান্ত্রিক অধিকার এখনো পুরোপুরি নিশ্চিত হয়নি বলেও মন্তব্য করেন তিনি।
মানববন্ধনে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মিন্টু ইসলাম
Mintuislam59@gmail.com
ইপেপার