
তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে সরকার যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬-২০২৭-এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, দেশের ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। খেলোয়াড়দের মাসিক ক্রীড়া ভাতা প্রদান, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় অন্বেষণ এবং আধুনিক ক্রীড়া অবকাঠামো উন্নয়নে কাজ চলছে।
তিনি আরও বলেন, দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে তাদের উপযুক্ত প্রশিক্ষণ ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে সরকার বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া অবকাঠামো উন্নয়নের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়ের মাঠে ফুটসাল গ্রাউন্ড নির্মাণ ও ফ্লাডলাইট স্থাপনসহ আধুনিক ক্রীড়া অবকাঠামো গড়ে তুলতে সরকার সহযোগিতা করবে।
অনুষ্ঠান শেষে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬-২০২৭-এর যৌথ চ্যাম্পিয়ন রাজশাহী বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, ক্রীড়া সংগঠক, অংশগ্রহণকারী দলের খেলোয়াড় ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মিন্টু ইসলাম
Mintuislam59@gmail.com
ইপেপার