এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ তেল-গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং ভয়াবহ লোডশেডিংয়ের প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন করেছে জাতীয় ছাত্রশক্তি জেলা শাখা। শনিবার (১৫ আগস্ট ২০২৬) বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীরা বলেন, জ্বালানি ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় ক্রমেই বাড়ছে। এর সঙ্গে দীর্ঘ সময়ের লোডশেডিং যুক্ত হওয়ায় শিক্ষার্থী, ব্যবসায়ী, ক্ষুদ্র উদ্যোক্তা ও কর্মজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিদ্যুৎ সরবরাহের অনিয়মের কারণে শিক্ষা, ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে বলেও তারা অভিযোগ করেন।
বক্তারা তেল-গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়ে বলেন, জনজীবনের ওপর বাড়তি চাপ সৃষ্টি করে এমন কোনো সিদ্ধান্ত গ্রহণের আগে সাধারণ মানুষের আর্থিক সক্ষমতা ও সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় নেওয়া প্রয়োজন। একই সঙ্গে লোডশেডিংয়ের নামে দীর্ঘ সময় বিদ্যুৎবিহীন অবস্থার অবসান ঘটিয়ে নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার আহ্বান জানান তারা।
মানববন্ধনে সভাপতিত্ব করেন এনসিপি সমর্থিত বগুড়া সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী, জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সংসদের সদস্য ও বগুড়া জেলা শাখার আহ্বায়ক এ এম জেড শাহরিয়ার। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সিনিয়র যুগ্ম সদস্য সচিব আজমীর হাসান।
এ সময় বক্তব্য দেন জাতীয় ছাত্রশক্তি বগুড়া জেলা শাখার সদস্য সচিব মো. সৈকত আলী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব আজমীর হাসান, দুপচাঁচিয়া উপজেলা আহ্বায়ক নাফি, আদমদীঘি উপজেলা আহ্বায়ক আল ফাহাদ, জেলা যুগ্ম সদস্য সচিব মোবাশ্বের করিম রিহানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা আরও বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতের সংকটের স্থায়ী সমাধানে দীর্ঘমেয়াদি ও জনবান্ধব পরিকল্পনা গ্রহণ করতে হবে। শুধু মূল্যবৃদ্ধি কিংবা সাময়িক ব্যবস্থা গ্রহণ না করে উৎপাদন, সরবরাহ ও ব্যবস্থাপনার দুর্বলতা চিহ্নিত করে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।
মানববন্ধন থেকে তেল-গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি প্রত্যাহার বা পুনর্বিবেচনা, ভয়াবহ লোডশেডিং বন্ধ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং জনবান্ধব ও কার্যকর বিদ্যুৎ ব্যবস্থাপনা নিশ্চিত করার দাবি জানানো হয়। একই সঙ্গে দ্রুত কার্যকর উদ্যোগ নিয়ে জনদুর্ভোগ কমাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান জাতীয় ছাত্রশক্তির নেতারা।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মিন্টু ইসলাম
Mintuislam59@gmail.com
ইপেপার