দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ গোলাম মোহাম্মাদ সিরাজ বলেছেন, অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি দেশের আর্থসামাজিক উন্নয়নেও সরকার কাজ করছে। একটি সুন্দর আগামীর বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
গতকাল শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে বগুড়ার ধুনট উপজেলায় প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত সম্প্রসারিত প্রশাসনিক ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গোলাম মোহাম্মাদ সিরাজ বলেন, একটি সুন্দর আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে জনগণ বিএনপিকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় দেশের গণতন্ত্র, উন্নয়ন ও অগ্রযাত্রাকে এগিয়ে নিতে হবে। ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
তিনি আরও বলেন, সামাজিক সুরক্ষা, অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করে যাচ্ছেন। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন ও বৃক্ষরোপণসহ জনগণের কল্যাণে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ উল্লাহ নিজামীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ এ কে এম তৌহিদুল আলম মামুন এবং ধুনট পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলিমুদ্দিন হারুন মন্ডল।
অনুষ্ঠানে বিসিআই পরিচালক ও জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য আসিফ সিরাজ রব্বানীসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং রাজনৈতিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে ধুনট উপজেলা মডেল মসজিদের হলরুমে উপজেলা ও পৌর ওলামা দলের আয়োজনে দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গোলাম মোহাম্মাদ সিরাজ এমপি।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মিন্টু ইসলাম
Mintuislam59@gmail.com
ইপেপার