এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের মানিকপোটল গ্রামে শহীদ আব্দুল মালেকের কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমান এমপি।
এ সময় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন। পরে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করে তাদের সার্বিক খোঁজখবর নেন।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে মানিকপোটল গ্রামে শহীদ আব্দুল মালেকের কবর জিয়ারতের মধ্য দিয়ে ডা. শফিকুর রহমানের দিনের কর্মসূচি শুরু হয়। কবর জিয়ারত শেষে তিনি শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কিছু সময় কাটান এবং তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন।
পরে শহীদ পরিবারের সদস্যদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমান।
মতবিনিময় সভায় বক্তারা শহীদ আব্দুল মালেকের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে শহীদ পরিবারের অবদানের কথা তুলে ধরে তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। বক্তারা বলেন, দেশের জন্য যারা জীবন উৎসর্গ করেছেন, জাতি তাদের আত্মত্যাগ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। শহীদ পরিবারের সম্মান, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করা সমাজ ও রাষ্ট্রের দায়িত্ব।
তারা আরও বলেন, শহীদদের আত্মত্যাগকে শুধু আনুষ্ঠানিক স্মরণ কিংবা স্মৃতিচারণের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। তাদের পরিবারের সদস্যদের বাস্তব জীবনের প্রয়োজন ও সমস্যাগুলো বিবেচনায় নিয়ে যথাযথ সহযোগিতা নিশ্চিত করতে হবে।
সভায় দেশের সামগ্রিক রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা করা হয়। বক্তারা নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে বলে অভিযোগ করেন। বাজার নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার কারণেই জনভোগান্তি বাড়ছে বলে তারা দাবি করেন।
বিদ্যুৎ, সার, জ্বালানি তেলসহ বিভিন্ন প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি এবং জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষ সংসার চালাতে হিমশিম খাচ্ছেন বলেও সভায় উল্লেখ করা হয়। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও জনজীবনে স্বস্তি ফেরাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
সভায় স্থানীয় জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, শহীদ পরিবারের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মিন্টু ইসলাম
Mintuislam59@gmail.com
ইপেপার