এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
প্রকৃতির প্রাণশক্তি সূর্যদেবের প্রতি শ্রদ্ধা নিবেদন, সন্তান-সন্ততির দীর্ঘায়ু ও পরিবারের সুখ-সমৃদ্ধি কামনায় বগুড়ার আদমদীঘি ও নওগাঁয় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সূর্য পূজা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) হিন্দু ধর্মাবলম্বীদের উদ্যোগে আয়োজিত এ পূজায় বিভিন্ন বয়সী নারী-পুরুষ ও ভক্তরা অংশ নেন। প্রতিবছর কালীপূজার পর ষষ্ঠী তিথিতে প্রচলিত রীতি অনুসারে এ পূজার আয়োজন করা হয়।
সনাতন ধর্মীয় বিশ্বাস ও প্রাচীন ঐতিহ্য অনুযায়ী, সূর্যকে জীবন, আলো ও শক্তির উৎস হিসেবে বিবেচনা করা হয়। পৃথিবীতে প্রাণের অস্তিত্ব টিকিয়ে রাখতে সূর্যের অপরিসীম গুরুত্বের কারণে যুগ যুগ ধরে সূর্যদেবের উপাসনা করে আসছেন সনাতন ধর্মাবলম্বীরা।
পূজার নিয়ম অনুযায়ী, ভক্তরা সারাদিন উপবাস থেকে বিকেলে বিভিন্ন পূজাসামগ্রী, ফুল, ফল ও প্রসাদ নিয়ে নির্ধারিত জলাশয়ের পাড়ে সমবেত হন। আদমদীঘি উপজেলা সদরের মাঝিপাড়া চড়কতলা গ্রামের একটি পুকুর, সান্তাহার পৌর শহরের রথবাড়ী, চা-বাগান ও রেলওয়ে পুকুর এবং নওগাঁর ছোট যমুনা নদীতে এ পূজার আয়োজন করা হয়।
সূর্যাস্তের আগমুহূর্তে ভক্তরা কোমরসমান পানিতে দাঁড়িয়ে সূর্যের দিকে মুখ করে ডালা ও কুলায় সাজানো প্রসাদ সামনে রেখে প্রদীপ প্রজ্বালন করেন। এ সময় ধর্মীয় মন্ত্রপাঠ, প্রার্থনা ও পূজার আনুষ্ঠানিকতায় জলাশয়গুলোর পরিবেশ হয়ে ওঠে ভক্তিময়।
পূজার দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে পরদিন ভোরে। সূর্যোদয়ের আগেই ভক্তরা আবারও জলাশয়ের পাড়ে উপস্থিত হয়ে একই নিয়মে পূজা-অর্চনা শুরু করবেন। সূর্যোদয়ের পর সূর্যদেবকে প্রণাম, স্নান ও শরবত পানের মধ্য দিয়ে দুই দিনের এ ধর্মীয় আনুষ্ঠানিকতার সমাপ্তি ঘটবে।
আদমদীঘি উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসিত দেবনাথ বাপ্পা ও সাধারণ সম্পাদক মিহির কুমার সরকার জানান, প্রতিবছর কালীপূজার পর ষষ্ঠী তিথিতে আদমদীঘি উপজেলা সদর ও সান্তাহার পৌর শহরে ঐতিহ্যগতভাবে সূর্য পূজার আয়োজন করা হয়। এবারও দেশ, জাতি ও এলাকার সার্বিক মঙ্গল কামনায় এ পূজার আয়োজন করা হয়েছে।
তারা আরও জানান, সন্তান-সন্ততির দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও কল্যাণের পাশাপাশি পরিবারের সুখ-শান্তি এবং সমৃদ্ধি কামনায় ভক্তরা নিষ্ঠার সঙ্গে এ ব্রত পালন করেন।
পূজাকে কেন্দ্র করে বিভিন্ন জলাশয়ের পাড়ে শত শত নারী-পুরুষ ও ভক্তের সমাগম ঘটে। ধর্মীয় আচার-অনুষ্ঠান, প্রার্থনা ও ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনজুড়ে সৃষ্টি হয় এক পবিত্র ও উৎসবমুখর পরিবেশ।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মিন্টু ইসলাম
Mintuislam59@gmail.com
ইপেপার