দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
বগুড়ার সাংবাদিক সমাজের পরিচিত মুখ, সাংবাদিক ইউনিয়ন বগুড়া ও বগুড়া প্রেসক্লাবের সিনিয়র সদস্য এবং দৈনিক নয়া দিগন্তের বগুড়া অফিসের স্টাফ রিপোর্টার আবুল কালাম আজাদ আর নেই। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার রাতে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন তিনি। পরে তাঁকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়।
সাংবাদিক আবুল কালাম আজাদ দীর্ঘদিন ধরে বগুড়ার সাংবাদিকতা অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি দৈনিক নয়া দিগন্তের পাশাপাশি বাংলাদেশ টেলিভিশনের বগুড়া অফিস, দৈনিক সংগ্রাম, দৈনিক সাতমাথা এবং ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)-এর বগুড়া অফিসে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি একাধিকবার বগুড়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন।
মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর একমাত্র মেয়ে মায়িশা এবারের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। ছেলে জারিফ বগুড়া জিলা স্কুলে পড়াশোনা করছে। তাঁর গ্রামের বাড়ি বগুড়ার ধুনট পৌরসভার পশ্চিম ভরণশাহী গ্রামে।
সৎ, মেধাবী ও অভিজ্ঞ এই সাংবাদিকের আকস্মিক মৃত্যুতে বগুড়ার সাংবাদিক সমাজে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
মহান আল্লাহ তায়ালা মরহুমকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সইবার শক্তি দিন। আমিন।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মিন্টু ইসলাম
Mintuislam59@gmail.com
ইপেপার