এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ নারী ফুটবলের বিকাশ, নতুন খেলোয়াড় তৈরি এবং দেশের ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।
তিনি বলেন, খেলাধুলা কেবল বিনোদনের মাধ্যম নয়; বরং এটি তরুণ প্রজন্মের মধ্যে শৃঙ্খলাবোধ, আত্মবিশ্বাস ও সুস্থ জীবনযাপনের মানসিকতা গড়ে তোলে। বিশেষ করে নারী ফুটবলারদের প্রতিভা বিকাশে তৃণমূল পর্যায়ে নিয়মিত ক্রীড়া আয়োজন এবং খেলাধুলার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা জরুরি।
রোববার (২৫ অক্টোবর) বিকেল ৪টায় বগুড়ার মোকামতলা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নারী প্রীতি ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে মোকামতলা উপজেলা বিএনপি এ টুর্নামেন্টের আয়োজন করে।
খেলায় বগুড়া মহিলা ফুটবল একাদশ ও নীলফামারী মহিলা ফুটবল একাদশ মুখোমুখি হয়। দুই দলের খেলোয়াড়দের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই শেষে ১-০ গোলের ব্যবধানে জয় তুলে নেয় নীলফামারী মহিলা ফুটবল একাদশ। অন্যদিকে, পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় বগুড়া মহিলা ফুটবল একাদশকে।
টুর্নামেন্টকে ঘিরে মোকামতলা উচ্চ বিদ্যালয় মাঠে দর্শকদের ব্যাপক সমাগম ঘটে। হাজারো দর্শকের উপস্থিতি এবং খেলাকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশ পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে।
আয়োজকেরা জানান, ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে ব্যতিক্রমী এই ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এর মূল উদ্দেশ্য নারী ফুটবলারদের উৎসাহিত করা, নতুন প্রতিভা তুলে আনা এবং গ্রামীণ পর্যায়ে নারী ফুটবলের চর্চা ও প্রসার বাড়ানো।
সংশ্লিষ্টদের মতে, তৃণমূল পর্যায়ে এ ধরনের ক্রীড়া আয়োজন নিয়মিত করা গেলে নারী ফুটবলারদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি খেলাধুলায় নারীদের অংশগ্রহণ আরও বাড়বে। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে নতুন খেলোয়াড় তৈরির সুযোগও সৃষ্টি হবে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মিন্টু ইসলাম
Mintuislam59@gmail.com
ইপেপার