দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন আজ শুক্রবার (২০ নভেম্বর)। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এবারই প্রথম জন্মদিন উদযাপন করছেন তিনি। ১৯৬৫ সালের এই দিনে জন্মগ্রহণ করেন তারেক রহমান।
তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান। দীর্ঘ রাজনৈতিক পথচলায় নানা প্রতিকূলতা, কারাবাস ও প্রবাসজীবন পেরিয়ে বর্তমানে দেশের সরকারপ্রধানের দায়িত্ব পালন করছেন তিনি।
তারেক রহমানের শিক্ষাজীবন শুরু হয় ঢাকার শাহীন স্কুল অ্যান্ড কলেজে। পরবর্তী সময়ে রেসিডেনশিয়াল মডেল স্কুল থেকে মাধ্যমিক এবং আদমজী কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ভর্তি হন।
১৯৮৮ সালে বগুড়ার গাবতলী উপজেলায় বিএনপির প্রাথমিক সদস্যপদ গ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে যুক্ত হন তিনি। ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনেও দলের সাংগঠনিক ও প্রচার কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করেন। পরবর্তী সময়ে বগুড়া জেলা বিএনপির সদস্য হওয়ার মধ্য দিয়ে দলের সাংগঠনিক কর্মকাণ্ডে তাঁর সম্পৃক্ততা আরও বাড়ে।
২০০৭ সালে সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্রেপ্তার হন তারেক রহমান। সে সময় কারাগারে শারীরিক নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ ওঠে। একাধিক মামলার মুখোমুখি হওয়ার পর ২০০৮ সালে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান তিনি। এরপর দীর্ঘ সময় লন্ডনে অবস্থান করেন।
২০১৮ সালে খালেদা জিয়া কারাবন্দী হওয়ার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন তারেক রহমান। বিদেশে অবস্থান করেই দীর্ঘদিন দলের সাংগঠনিক কার্যক্রম ও রাজনৈতিক নেতৃত্ব পরিচালনা করেন তিনি।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে ২০২৫ সালের ২৫ ডিসেম্বর সপরিবারে দেশে ফেরেন তারেক রহমান।
দেশে ফিরে দলকে নির্বাচনের জন্য প্রস্তুত করার পাশাপাশি রাষ্ট্র পরিচালনা ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেন তিনি।
চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাঁর নেতৃত্বে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিএনপি। বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসন থেকে নির্বাচনে অংশ নিয়ে উভয় আসনেই বিজয়ী হন তারেক রহমান। পরে ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন তিনি।
দলীয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দোয়া ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে। শুক্রবার বাদ জুমা গুলশানের কালাচাঁদপুর দাখিল মাদ্রাসা এবং উত্তর বারিধারার একটি এতিমখানায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে এসব কর্মসূচি পালনের কথা রয়েছে।
এ সময় এতিমদের মধ্যে খাবার বিতরণ করা হবে। পাশাপাশি বিএনপির নেতা-কর্মীরাও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করবেন।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মিন্টু ইসলাম
Mintuislam59@gmail.com
ইপেপার