এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল। বুধবার (১৮ নভেম্বর) বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়।
বিকেল ৪টার দিকে বগুড়া জেলা যুবদলের উদ্যোগে মোহাম্মদ আলী হাসপাতাল মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সাতমাথায় গিয়ে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সমাবেশে সঞ্চালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সুজন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি ও বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন। এ ছাড়া বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদ-উন-নবী সালাম, সাবেক কাউন্সিলর পরিমল চন্দ্র দাস, জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি আতাউর রহমান শম্ভু, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সোহাগ, শহর যুবদলের সভাপতি আহসান হাবিব মমি, সাধারণ সম্পাদক আদিল শাহরিয়ার গোর্কি, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক অতুল চন্দ্র দাস এবং যুগ্ম আহ্বায়ক তৌহিদুর রহমান তৌহিদসহ অন্যান্য নেতারা।
সমাবেশে বক্তারা বলেন, দেশে শান্তি, শৃঙ্খলা, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে যেকোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংসতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। রাজনৈতিক সহিংসতা ও অপতৎপরতা রোধে সামাজিক সচেতনতা এবং গণতান্ত্রিক প্রতিরোধ গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন তারা।
বক্তারা আরও বলেন, সাধারণ মানুষের জানমাল ও নিরাপত্তা রক্ষায় যুবদলের নেতাকর্মীরা সব সময় সোচ্চার থাকবেন। যেকোনো ধরনের বিশৃঙ্খলা ও জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কর্মকাণ্ডের বিরুদ্ধে তাঁরা রাজপথে থেকে প্রতিবাদ অব্যাহত রাখবেন।
কর্মসূচিতে বগুড়া জেলা যুবদলের আওতাধীন ২৫টি ইউনিটের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। পুরো কর্মসূচিতে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মিন্টু ইসলাম
Mintuislam59@gmail.com
ইপেপার