এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ ১১৫ বছরের ঐতিহ্য, আস্থা ও ব্যবসায়িক সাফল্যের ধারাবাহিকতাকে আরও বেগবান করার প্রত্যয়ে বগুড়ায় অনুষ্ঠিত হয়েছে আকবরিয়া লিমিটেডের ‘আকবরিয়া বিজনেস সামিট-২০২৬’। বুধবার (১১ নভেম্বর) বগুড়া শহরের জলেশ্বরীতলায় আকবরিয়া সিটি কনভেনশন হলে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সারাদেশ থেকে পাঁচ শতাধিক ডিলার, পরিবেশক, ব্যবসায়িক অংশীদার এবং প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
সম্মেলনে সভাপতিত্ব করেন আকবরিয়া লিমিটেডের চেয়ারম্যান হাসান আলী আলাল। সভাপতির বক্তব্যে তিনি বলেন, একটি প্রতিষ্ঠানের ব্যবসায়িক সাফল্যের পেছনে ডিলাররাই সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তি। প্রতিকূল আবহাওয়া ও নানা প্রতিবন্ধকতা উপেক্ষা করে তাঁরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। উৎপাদন থেকে শুরু করে ভোক্তার হাতে পণ্য পৌঁছে দেওয়া এবং বাজারে প্রতিষ্ঠানের অবস্থান সুসংহত করার ক্ষেত্রে ডিলারদের অবদান অপরিসীম। বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন ও প্রতিষ্ঠানের প্রবৃদ্ধি নিশ্চিত করতে তাঁদের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
তিনি আরও বলেন, আকবরিয়া শতাধিক বছর ধরে গুণগত মান, স্বতন্ত্র স্বাদ ও নিরবচ্ছিন্ন সেবার মাধ্যমে গ্রাহকদের আস্থা অর্জন করেছে। ঐতিহ্যের এই শক্তিকে ধারণ করে আধুনিক ব্যবস্থাপনা, প্রযুক্তিনির্ভর কার্যক্রম ও সুদূরপ্রসারী পরিকল্পনার মাধ্যমে প্রতিষ্ঠানকে আরও উচ্চতায় নিয়ে যেতে চায় আকবরিয়া। দেশের অর্থনৈতিক অগ্রগতি, কর্মসংস্থান সৃষ্টি এবং মানসম্মত পণ্য সরবরাহে প্রতিষ্ঠানটি ভবিষ্যতেও দায়িত্বশীল ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আকবরিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হোসেন আলী দুলাল। তিনি বলেন, ব্যবসায়িক সম্মেলন প্রতিষ্ঠান ও পরিবেশকদের মধ্যে যোগাযোগ, পারস্পরিক আস্থা এবং সহযোগিতার ক্ষেত্রকে আরও সম্প্রসারিত করে। ডিলার ও পরিবেশকদের অভিজ্ঞতা, মতামত এবং সুপারিশ ভবিষ্যৎ ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সম্মিলিত প্রচেষ্টা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই কাঙ্ক্ষিত সাফল্য অর্জন সম্ভব। ব্যবসায়ীদের সবচেয়ে বড় পুঁজি হচ্ছে প্রতিশ্রুতি রক্ষা, আর সততা তাঁদের অন্যতম প্রধান সম্পদ। এসব নৈতিক মূল্যবোধকে ধারণ করেই আকবরিয়াকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।
সম্মেলনে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য দেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি বগুড়া শাখার ভিপি ও শাখাপ্রধান মোহাম্মদ মোশাররফ হোসেন, জোনাল অফিসের ভিপি মো. মঈন উদ্দিন, বিটুপিয়া গ্রুপের মনির হোসেন, ইয়েস গ্রুপের জাকারিয়া এবং কামরুজ্জামান সুমন।
এ সময় উপস্থিত ছিলেন আকবরিয়া লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক আরমান খোসাইন, রাজিব আহসান সিজার ও ইকবাল নুর শুভ, পরিচালক আদনানুল ইসলাম, আশিক ইবনে হাসান ও আবিদ হাসান, সিওও ইব্রাহীম মাসুম, সিএফও হারুন অর রশিদ এবং বেকারি ইউনিটের সিও কামাল পাশাসহ প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও ব্যবসায়িক অংশীদাররা।
দিনব্যাপী আয়োজনের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়। সম্মেলনের অন্যতম আকর্ষণ ছিল প্রতিষ্ঠানের নতুন সেলস অ্যাপ্লিকেশন এবং পয়েন্ট অব সেল (পিওএস) সিস্টেমের উদ্বোধন। নতুন প্রযুক্তির সংযোজনের মাধ্যমে বিক্রয় কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও কার্যকর করার প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
এ ছাড়া বিশেষ অফারে অর্ডার গ্রহণ, ডিলারশিপ ব্যবস্থাপনা, বাজার সম্প্রসারণ, ব্যবসায়িক পরিকল্পনা এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ সেশন ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। বিশেষ সেশন পরিচালনা করেন বিজনেস ক্যাটালিস্ট কামরুজ্জামান সুমন। এতে ব্যবসায়িক কার্যক্রমের চ্যালেঞ্জ, সম্ভাবনা এবং সময়োপযোগী কৌশল নিয়ে আলোচনা করা হয়।
সম্মেলনের শেষপর্বে কর্মক্ষেত্রে দক্ষতা, নিষ্ঠা ও সাফল্যের স্বীকৃতিস্বরূপ সেলস টিমের সদস্যদের সম্মাননা প্রদান করা হয়। একই সঙ্গে আকবরিয়া লিমিটেডের ব্যবসায়িক সম্প্রসারণ ও অগ্রযাত্রায় বিশেষ অবদান রাখার জন্য নির্বাচিত ডিলারদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।
ঐতিহ্য ও আধুনিকতার সমন্বয়ে ব্যবসায়িক কার্যক্রমকে আরও গতিশীল করা, অংশীদারদের সঙ্গে সুসম্পর্ক জোরদার এবং নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনের প্রত্যয় নিয়ে সম্মেলনের সমাপ্তি ঘটে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মিন্টু ইসলাম
Mintuislam59@gmail.com
ইপেপার