এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলায় গ্রেপ্তার করতে যাওয়া পুলিশের ওপর হামলা চালিয়ে প্রতারণা মামলার এক আসামিকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এ সময় পুলিশের একটি পিকআপ ভ্যান ভাঙচুর করা হয়। হামলায় এক কর্মকর্তাসহ পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চার নারীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার ফুলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফুলবাড়িয়া গ্রামের গোলাম কবির সুমন (৩৬) একটি প্রতারণা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। আদালতের গ্রেপ্তারি পরোয়ানা অনুযায়ী শুক্রবার সকালে তাকে গ্রেপ্তার করতে সোনাতলা থানার উপপরিদর্শক (এসআই) শিমুল কুমার দাস এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) মেহেদী হাসান পুলিশের একটি পিকআপ ভ্যান নিয়ে ওই গ্রামে যান।
পুলিশ সদস্যরা সুমনকে আটক করে গাড়িতে তোলার চেষ্টা করলে স্থানীয় কয়েকজন ব্যক্তি বাধা দেন। একপর্যায়ে তারা পুলিশের ওপর চড়াও হয়ে মারধর শুরু করেন। এ সময় পুলিশের কাছ থেকে আসামি সুমনকে ছিনিয়ে নেওয়া হয়। হামলাকারীরা পুলিশের পিকআপ ভ্যানটিও ভাঙচুর করেন।
ঘটনার খবর পেয়ে সোনাতলা থানা থেকে অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আদালতের পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করতে গেলে তার পক্ষের লোকজন সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালান। এতে এক কর্মকর্তাসহ তিন পুলিশ সদস্য আহত হন।
তিনি আরও জানান, এ ঘটনায় এসআই শিমুল কুমার দাস বাদী হয়ে থানায় মামলা করেছেন। হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চার নারীকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মিন্টু ইসলাম
Mintuislam59@gmail.com
ইপেপার