এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়া সদর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৭ জনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তাদের কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা ও ৩টি টাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গ্রেফতারকৃতদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই ২০২৬) সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে বগুড়া সদর উপজেলার বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদ এলাকা, মালতিনগর ও ঠনঠনিয়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়া জেলার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল বগুড়া সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লক্ষণ চন্দ্র দাস এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমাদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অভিযানে গ্রেফতারকৃতরা হলেন - মো. সারোয়ার হোসেন (২৭), মো. সাদিকুর রহমান (২৫), মো. জুয়েল পাইকার (৩৬), মো. আমিন হোসেন (২১), মো. রহমত শেখ (৩২), মো. নজরুল ইসলাম (৫৩) এবং মো. পিন্টু প্রামাণিক (৫৫)। তারা সবাই বগুড়া সদর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
ভ্রাম্যমাণ আদালতের রায়ে মো. সারোয়ার হোসেন ও মো. সাদিকুর রহমানকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া মো. জুয়েল পাইকার ও মো. আমিন হোসেনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড এবং মো. রহমত শেখ, মো. নজরুল ইসলাম ও মো. পিন্টু প্রামাণিককে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মাদক নির্মূলে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে। মাদকের বিস্তার রোধে ভবিষ্যতেও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে তারা জানান।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মিন্টু ইসলাম
Mintuislam59@gmail.com
ইপেপার