এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার সামগ্রিক উন্নয়ন ও অবকাঠামোগত পরিবর্তনে বড় ধরনের উদ্যোগ নিয়েছে সরকার। জেলার উন্নয়নে প্রায় ২ হাজার ৭০০ কোটি টাকার বিভিন্ন প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন দেওয়া হয়েছে। জেলার সাতটি সংসদীয় আসনে সমান গুরুত্বের ভিত্তিতে এসব প্রকল্পের বরাদ্দ বণ্টন করা হবে। একই সঙ্গে করতোয়া নদী খনন এবং সিরাজগঞ্জ-বগুড়া রেলপথ উদ্বোধন করতে শিগগিরই বগুড়া সফরে আসতে পারেন প্রধানমন্ত্রী।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে বগুড়া করতোয়া কনভেনশন সেন্টারে দৈনিক বগুড়ার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।
প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে বগুড়ার উন্নয়নে যে ঘাটতি রয়েছে, তা কাটিয়ে উঠতে সরকার বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে। জেলার প্রতিটি অঞ্চলে সুষম উন্নয়ন নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। এ লক্ষ্যে ২ হাজার ৭০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। জেলার সাতটি সংসদীয় আসনে সমান গুরুত্ব দিয়ে এসব প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও বলেন, বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের বিষয়টি জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। প্রস্তাবটি অনুমোদিত হলে পরিকল্পিত নগরায়ণ, আধুনিক অবকাঠামো নির্মাণ এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির পথ সুগম হবে। বগুড়াকে একটি আধুনিক ও সম্ভাবনাময় নগরীতে রূপান্তর করতে সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।
প্রধানমন্ত্রীর সম্ভাব্য বগুড়া সফর সম্পর্কে মীর শাহে আলম বলেন, চলতি সপ্তাহের শেষ দিকে অথবা মাসের শেষ ভাগে প্রধানমন্ত্রী বগুড়া সফর করতে পারেন। এ সফরে করতোয়া নদী খনন কার্যক্রম এবং সিরাজগঞ্জ-বগুড়া রেলপথ উদ্বোধনের কথা রয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে বগুড়ার যোগাযোগব্যবস্থা, ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সময় ও ধৈর্যের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, উন্নয়ন কোনো তাৎক্ষণিক বিষয় নয়; এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া। সুনির্দিষ্ট পরিকল্পনা, সমন্বিত উদ্যোগ এবং যথাযথ বাস্তবায়নের মাধ্যমেই কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন সম্ভব। তাই সামান্য বিলম্বে হতাশ না হয়ে বগুড়ার সামগ্রিক উন্নয়নে সবাইকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
বগুড়ার সাংবাদিকতার ঐতিহ্য ও অবদানের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, দেশের গণমাধ্যম জগতে বগুড়ার সাংবাদিকদের রয়েছে গুরুত্বপূর্ণ অবস্থান। এই গৌরবময় ঐতিহ্য ধরে রাখতে সাংবাদিকদের সত্যনিষ্ঠ, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে আরও সচেষ্ট হতে হবে।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি বলেন, নানা প্রতিকূলতা ও চ্যালেঞ্জের মধ্যেও দৈনিক বগুড়া দীর্ঘদিন ধরে নিয়মিত প্রকাশনা অব্যাহত রেখেছে, যা প্রশংসার দাবি রাখে। বগুড়ার উন্নয়নকে আরও গতিশীল করতে স্থানীয় পর্যায়ে ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও ইতিবাচক মনোভাব জরুরি। ক্ষুদ্র মতপার্থক্য যেন বৃহত্তর উন্নয়ন অগ্রযাত্রাকে ব্যাহত করতে না পারে, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।
দৈনিক বগুড়ার প্রকাশক রেজাউল করিম বাদশা এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, অ্যাডভোকেট একেএম মাহবুবুর রহমান, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা পরিষদের প্রশাসক আহসানুল তৈয়ব জাকির, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হাসানাত আলী, বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান, দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক লালু এবং টিএমএসএসের নির্বাহী পরিচালক ড. হোসনে আরা বেগম।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক বগুড়ার ভারপ্রাপ্ত সম্পাদক রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক কালাম আজাদসহ জেলার বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সুধীজন।
বক্তারা বগুড়ার উন্নয়ন সম্ভাবনাকে কাজে লাগাতে সরকারি-বেসরকারি পর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণ এবং জেলার স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মিন্টু ইসলাম
Mintuislam59@gmail.com
ইপেপার