এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়ন ভূমি অফিসের নবনির্মিত ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি নবনির্মিত ভবনের উদ্বোধন করেন। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. মলিহা খানম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রশিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. মুক্তার হোসেন খান, উপজেলা বিএনপির সহসভাপতি ও বীরকেদার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছেলিম উদ্দিন প্রামাণিক, বীরকেদার ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা সাইফুজ্জামান, ইউপি সদস্য যবিবর রহমান যবু এবং ঠিকাদারের প্রতিনিধি সবুজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারের ‘সমগ্র দেশে শহর ও ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ (২য় পর্ব)’ প্রকল্পের আওতায় কাহালু উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়নে ভবনটি নির্মাণ করা হয়েছে। এতে ব্যয় হয়েছে প্রায় ১ কোটি ৩ লাখ টাকা।
নতুন এ ভবন চালুর ফলে বীরকেদার ইউনিয়নের ভূমিসংক্রান্ত সেবা কার্যক্রম পরিচালনায় আরও উন্নত ও সুশৃঙ্খল পরিবেশ তৈরি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। আধুনিক অবকাঠামোর মাধ্যমে স্থানীয় জনগণের ভূমিসেবা প্রাপ্তি সহজতর হবে।
উদ্বোধন শেষে নবনির্মিত ভবনের সার্বিক কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এতে দোয়া পরিচালনা করেন কাহালু উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল গালিব।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মিন্টু ইসলাম
Mintuislam59@gmail.com
ইপেপার