এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার গাবতলী উপজেলায় মোটরসাইকেলে করে অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সরবরাহের সময় মোঃ সামিনুর ইসলাম ওরফে জুয়েল (৪১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তাঁর কাছ থেকে ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি মোবাইল ফোন ও একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
গত মঙ্গলবার (৩ নভেম্বর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল উপজেলার চককাতুলী দক্ষিণপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
অভিযানসংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ওই এলাকায় একটি চক্র ট্যাপেন্টাডল ট্যাবলেট কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে - এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। একপর্যায়ে চককাতুলী দক্ষিণপাড়া গ্রামের খাজা খাঁর বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় সন্দেহভাজন সামিনুর ইসলামকে আটক করা হয়। পরে তাঁর দেহ ও ব্যবহৃত মোটরসাইকেল তল্লাশি করে একটি লাল রঙের টিস্যু ব্যাগে রাখা ১৫টি ব্লিস্টার পাতা উদ্ধার করা হয়। প্রতিটি পাতায় ১০টি করে মোট ১৫০ পিস কমলা রঙের Tapal ব্র্যান্ডের ট্যাপেন্টাডল ট্যাবলেট পাওয়া যায়। ব্লিস্টারসহ ট্যাবলেটগুলোর মোট ওজন ৬১ গ্রাম বলে জানিয়েছে অভিযান পরিচালনাকারী দল।
এ ছাড়া মাদক ব্যবসায় ব্যবহারের অভিযোগে একটি সিমকার্ডসহ Nokia 150 মডেলের বাটন মোবাইল ফোন এবং লাল-কালো রঙের রেজিস্ট্রেশনবিহীন Bajaj Pulsar 150 সিসির একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
গ্রেপ্তার সামিনুর ইসলাম ওরফে জুয়েল (৪১) বগুড়া সদর উপজেলার নারুলী নতুনপাড়া এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম বেলাল হোসেন এবং মাতার নাম মালেকা বেগম। তাঁর স্থায়ী ঠিকানা গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নের হিপীরপাড়া গ্রাম।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়া জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ আসলাম আলী মন্ডল বাদী হয়ে গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে গাবতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৯(ক) ও ২৬(১) ধারায় নিয়মিত মামলা দায়ের করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে আরও জানা গেছে, উদ্ধার হওয়া মাদকের চালানের সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে সংশ্লিষ্ট অন্যদের সম্পৃক্ততা পাওয়া গেলে তাঁদের শনাক্ত করে আইনের আওতায় আনার কার্যক্রম গ্রহণ করা হবে।
মাদকের বিস্তার রোধ এবং মাদক কারবারিদের বিরুদ্ধে সরকারের ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মিন্টু ইসলাম
Mintuislam59@gmail.com
ইপেপার