এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার ধুনটে আজিজুল ইসলাম হাকিম (২৪) নামে এক ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় পৌর বিএনপির নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে পাকা সড়ক থেকে তাঁকে আটক করা হয়।
আটক আজিজুল ইসলাম হাকিম ধুনট সদর ইউনিয়নের পাকুড়ীহাটা গ্রামের জামাত আলীর ছেলে। তিনি সংশ্লিষ্ট ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, আজিজুল ইসলাম হাকিমের বিরুদ্ধে ধুনট থানায় ২০২৪ সালের ৮ অক্টোবর একটি মামলা দায়ের হয়। মামলাটির এফআইআর নম্বর ৫ এবং জিআর নম্বর ১৯১। মামলায় দণ্ডবিধি, ১৮৬০-এর ১৪৩, ৩২৩, ৩২৫, ৩০৭, ৪২৭, ৫০৬ ও ১১৪ ধারাসহ বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৩, ৪, ৫ ও ৬ ধারায় অভিযোগ আনা হয়েছে।
স্থানীয় পৌর বিএনপি নেতা শাহাদাৎ হোসেন মিলুর নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী তাঁকে আটক করে ধুনট থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুল ইসলাম বলেন, পৌর বিএনপির নেতাকর্মীরা ছাত্রলীগের ওই নেতাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। পরে তাঁকে থানা থেকে বগুড়ার আদালতে পাঠানো হয়। আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মিন্টু ইসলাম
Mintuislam59@gmail.com
ইপেপার