এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার ধুনটে বিএনপির মিছিলে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা বিস্ফোরক আইনের মামলায় মো. রফিকুল ইসলাম রাঙ্গা (৫৫) নামে যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার গোসাইবাড়ী ইউনিয়ন যুবলীগের সভাপতি।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে নিজ গ্রামের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে বুধবার (৪ নভেম্বর) সকালে আদালতের মাধ্যমে তাঁকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার রফিকুল ইসলাম রাঙ্গা গোসাইবাড়ী পূর্বপাড়া গ্রামের মৃত তফিজ উদ্দিনের ছেলে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধুনট শহরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একটি মশাল মিছিল বের করেন। এ সময় যুবদলের নেতাকর্মীরা মিছিলটিতে বাধা দিলে সেখানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। একপর্যায়ে মিছিলকারীরা ঘটনাস্থল ত্যাগ করেন।
এ ঘটনায় ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি ধুনট পৌরসভার ২ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রিপন সেখ বাদী হয়ে ধুনট থানায় মামলা করেন। মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৯৬ জন নেতাকর্মীকে আসামি করা হয়। ওই মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে রফিকুল ইসলাম রাঙ্গাকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
মামলার এজাহার অনুযায়ী, ধুনট থানার মামলা নম্বর-১৮, তারিখ ১৯ ফেব্রুয়ারি ২০২৫। জিআর নম্বর-৩৬। দণ্ডবিধি ১৮৬০-এর ১৪৩/৫০৬/১১৪ ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইন ১৯০৮-এর ৩/৪/৫/৬ ধারায় মামলাটি করা হয়েছে।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতিকুল ইসলাম বলেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় রফিকুল ইসলাম রাঙ্গাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, মামলার অভিযোগ ও আসামির বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে আদালতে বিচারিক প্রক্রিয়ায় চূড়ান্ত সিদ্ধান্ত হবে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মিন্টু ইসলাম
Mintuislam59@gmail.com
ইপেপার