এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার ধুনট উপজেলায় রাস্তা নির্মাণের কাজকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে একই পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। এ ঘটনায় এক অন্তঃসত্ত্বা নারীসহ স্বামী-স্ত্রী আহত হয়েছেন। আহতরা হলেন মতিয়ার রহমান মিলন ও তাঁর স্ত্রী রাফিয়া খাতুন। তাঁদের ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কালেরপাড়া ইউনিয়নের আড়কাটিয়া গ্রামে এ ঘটনার সূত্রপাত হয়। পরে দুপুর ১২টা ১০ মিনিটের দিকে মতিয়ার রহমানের বাড়ির উঠানে হামলার ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, শাহাদৎ জামালের বসতবাড়ির পশ্চিম পাশ দিয়ে যাওয়া একটি কাঁচা রাস্তা পাকা করার কাজ চলছিল। এ জন্য এক্সকাভেটর দিয়ে রাস্তার মাটি কেটে পশ্চিম পাশে স্তূপ করে রাখা হয়। পরবর্তী সময়ে রাস্তার দুই পাশে ইটের রেলিং নির্মাণ করে ভেতরে মাটি ভরাটের কাজ শুরু করেন শ্রমিকেরা। তবে রাস্তার পাশে কেটে রাখা মাটি ব্যবহার না করে শাহাদৎ জামালের বাড়ির পাশ থেকে মাটি কাটতে শুরু করেন তাঁরা।
বিষয়টি নজরে এলে শাহাদৎ জামালের ছেলে মতিয়ার রহমান মিলন শ্রমিকদের রাস্তার জন্য আগে কেটে রাখা মাটি ব্যবহারের অনুরোধ করেন। এ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত স্বপ্না খাতুনের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মতিয়ার সেখান থেকে বাড়িতে ফিরে যান।
শাহাদৎ জামালের অভিযোগ, ওই ঘটনার জের ধরে দুপুর আনুমানিক ১২টা ১০ মিনিটে মো. মিজানুর রহমান, তাঁর স্ত্রী স্বপ্না খাতুন, ছেলে সোহাগ এবং মিজানুর রহমানের মা মোনেরা খাতুনসহ অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজন দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের বাড়ির উঠানে প্রবেশ করেন। এ সময় তাঁরা পরিবারের সদস্যদের উদ্দেশে অশালীন ভাষায় গালিগালাজ শুরু করেন।
এর প্রতিবাদ জানালে মতিয়ার রহমানের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগে বলা হয়েছে। তাঁকে লাঠি, লোহার রডসহ বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে মারধর করা হয়। একপর্যায়ে মোনেরা খাতুনের নির্দেশে মিজানুর রহমানের হাতে থাকা ধারালো হাসুয়া দিয়ে মতিয়ারের মাথার বাম পাশে আঘাত করা হয়। এতে তাঁর মাথায় গুরুতর রক্তাক্ত জখম হয়।
এ ছাড়া হামলার সময় মতিয়ার রহমান মাটিতে পড়ে গেলে তাঁর পরিহিত লুঙ্গির কোমরে রাখা ২২ হাজার ৫০০ টাকা সোহাগ ছিনিয়ে নেন বলেও অভিযোগ করেছেন শাহাদৎ জামাল।
এদিকে স্বামীর ওপর হামলার খবর পেয়ে তাঁকে রক্ষা করতে ঘটনাস্থলে ছুটে যান অন্তঃসত্ত্বা স্ত্রী রাফিয়া খাতুন। তিনি হামলাকারীদের নিবৃত্ত করার চেষ্টা করলে তাঁকেও মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে। এ সময় স্বপ্না খাতুন রাফিয়ার পেটে লাথি মারেন বলে দাবি করেছেন অভিযোগকারী। এতে তিনি অসুস্থ হয়ে পড়েন।
পরে আহতদের চিৎকার শুনে স্থানীয় রঞ্জু, লিটন, ইতি আরা খাতুনসহ আশপাশের লোকজন এগিয়ে আসেন। তাঁদের সহযোগিতায় রক্তাক্ত অবস্থায় আহত স্বামী-স্ত্রীকে উদ্ধার করে অটোরিকশাযোগে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করেন।
শাহাদৎ জামাল আরও অভিযোগ করেন, হামলার সময় অভিযুক্ত ব্যক্তিরা তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন এবং প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
এ ঘটনায় শাহাদৎ জামাল চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে অভিযুক্ত করে ধুনট থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। পারিবারিকভাবে আলোচনা এবং আহতদের চিকিৎসার ব্যস্ততার কারণে অভিযোগ দায়েরে কিছুটা বিলম্ব হয়েছে বলে জানান তিনি।
ভুক্তভোগী পরিবারের দাবি, ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।
এ বিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুল ইসলাম জানান, অভিযোগটি তদন্ত করে অতি দ্রুত দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মিন্টু ইসলাম
Mintuislam59@gmail.com
ইপেপার