মিন্টু ইসলাম:
বগুড়ার শেরপুর উপজেলার সব মার্কেট, বিপণিবিতান ও দোকানপাটে বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার নির্ধারণ ও তা বাস্তবায়নের দাবি জানিয়েছেন দোকান কর্মচারীরা।
মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) শেরপুর শহরের বাসস্ট্যান্ড এলাকায় শেরপুর থানা দোকান কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে এ দাবি জানানো হয়। একই দাবিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান হিমুর কাছে লিখিত আবেদন করেছেন সংগঠনের নেতারা।
এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা ট্রেড ইউনিয়নের সহসভাপতি ও শাহবন্দেগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, শেরপুর ট্রেড ইউনিয়ন সম্পাদক আবু রায়হান রবি, শেরপুর থানা দোকান কর্মচারী ইউনিয়নের সভাপতি আজিজুল হক, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. শাহ্ সুলতানসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
শেরপুর থানা দোকান কর্মচারী ইউনিয়ন (রেজি. নং-২১৫৯) বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের অন্তর্ভুক্ত। সংগঠনের নেতারা জানান, দীর্ঘদিন ধরে দোকান কর্মচারীরা সাপ্তাহিক ছুটি বাস্তবায়নের দাবি জানিয়ে আসছেন। কর্মচারীদের ন্যায্য অধিকার ও শ্রম আইন অনুসারে সাপ্তাহিক বিশ্রামের সুযোগ নিশ্চিত করতে উপজেলার সব মার্কেট, বিপণিবিতান ও দোকানপাটে শুক্রবার ছুটি কার্যকরের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানান তাঁরা।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মিন্টু ইসলাম
Mintuislam59@gmail.com
ইপেপার