শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে অজ্ঞাতনামা একটি গাড়ির ধাক্কায় স্বপন হিজরা (স্বপন পাগলী) নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে উপজেলার খেজুরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মহাসড়ক দিয়ে চলাচলের সময় অজ্ঞাতনামা একটি গাড়ির ধাক্কায় স্বপন হিজরা সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
শহরের অন্য তৃতীয় লিঙ্গের কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, স্বপন হিজরার বাড়ি বগুড়া শহরের পুরান বগুড়া এলাকায়। একসময় তিনি বগুড়া শহরে পরিচিত মুখ ছিলেন। বর্তমানে মানসিক ভারসাম্যহীন অবস্থায় বগুড়া শহরসহ বিভিন্ন উপজেলায় ঘোরাফেরা করতেন বলে তাঁরা জানান।
মৃত্যুর পর তাঁর মরদেহ বর্তমানে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।
এ ঘটনায় ঘাতক গাড়িটি শনাক্ত করা যায়নি।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মিন্টু ইসলাম
Mintuislam59@gmail.com
ইপেপার