এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার আদমদীঘি উপজেলায় মাদকবিরোধী অভিযানে গাঁজা ও টাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়া। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৫টা ২০ মিনিটের দিকে আদমদীঘি উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা ও ১০টি টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—আদমদীঘি উপজেলার উথরাইল গ্রামের মো. স্বপনের ছেলে মো. জিহাদ হোসেন টুটুল (২০) এবং চা-বাগান এলাকার মৃত সামসুল আলমের ছেলে মো. শাহজালাল (৩৫)।
ডিএনসি বগুড়ার ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল এবং আদমদীঘি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে মাদকদ্রব্যসহ দুইজনকে আটক করার পর ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালতের রায়ে মো. জিহাদ হোসেন টুটুলকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং মো. শাহজালালকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযানসংশ্লিষ্ট সূত্র জানায়, উদ্ধার করা মাদকদ্রব্য বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে।
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ কারবার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। মাদকমুক্ত সমাজ গড়তে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মিন্টু ইসলাম
Mintuislam59@gmail.com
ইপেপার