বগুড়ার কাহালু উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. নিলয় প্রাং জয় (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের বুড়ইল উত্তরপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযান চলাকালে নিজ বাড়ির শয়নকক্ষের দরজার পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় নিলয় প্রাং জয়কে আটক করা হয়। পরে আইনানুগ প্রক্রিয়ায় তাঁর দেহ তল্লাশি করে পরিহিত ট্রাউজারের ডান পকেট থেকে ৫৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার নিলয় প্রাং জয় কাহালু উপজেলার বুড়ইল উত্তরপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের মো. নজরুল ইসলাম ও মোছা. নিলুফা ইয়াসমিনের ছেলে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) শামীমা আকতার বাদী হয়ে নিলয় প্রাং জয়ের বিরুদ্ধে কাহালু থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মাদকের বিস্তার রোধ এবং অবৈধ মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে সরকারের ঘোষিত জিরো টলারেন্স নীতির আলোকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এদিকে, মাদকের ভয়াবহ ছোবল থেকে যুবসমাজকে রক্ষা করতে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানই যথেষ্ট নয়, পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল। তাঁদের মতে, পারিবারিক সচেতনতা, সন্তানের প্রতি যথাযথ নজরদারি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলা গেলে মাদক নির্মূলের পথ আরও সুগম হবে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মিন্টু ইসলাম
Mintuislam59@gmail.com
ইপেপার