এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার কাহালু উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৭৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
সোমবার (৮ জুন ২০২৬) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় বগুড়া ‘খ’ সার্কেলের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের কাজীপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় কাজীপাড়া গ্রামের মৃত মমতাজ প্রামানিকের ছেলে বজলু প্রামানিক (৪৮) কে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
অভিযানকালে গ্রেফতারকৃত বজলু প্রামানিকের দেহ তল্লাশি করে তার ডান হাতে থাকা একটি ব্যাগের ভেতর থেকে ৭৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ট্যাবলেটগুলো জব্দ করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। উদ্ধার হওয়া ট্যাপেন্টাডল ট্যাবলেট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিষিদ্ধ হওয়ায় এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক শামীমা আক্তার বাদী হয়ে কাহালু থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলমান রয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মিন্টু ইসলাম
Mintuislam59@gmail.com
ইপেপার