এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার গাবতলী উপজেলায় মাদকবিরোধী যৌথ অভিযানে পাঁচ মাদকসেবীকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
শনিবার (২০ জুন ২০২৬) রাত আনুমানিক ৮টার দিকে গাবতলী মডেল থানা পুলিশের উদ্যোগে এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে উপজেলার বিভিন্ন এলাকায় এ বিশেষ অভিযান পরিচালিত হয়।
অভিযানের প্রথম ধাপে নারুয়ামালা ইউনিয়নের প্রথমার ছেও গ্রামে অভিযান চালিয়ে মাসুম (২৮) নামে এক যুবককে দুই পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়। তিনি ওই গ্রামের মিলন আকন্দের ছেলে।
পরে দক্ষিণপাড়া ইউনিয়নের উজগ্রাম এলাকায় পৃথক অভিযানে মাদক সেবনরত অবস্থায় ধুলু (২২), পিতা আব্দুল বাসেত এবং শরিফুল ইসলাম ফরহাদ (২০), পিতা আজিজুল হককে আটক করা হয়। তাদের বাড়ি গাবতলী উপজেলার পীরগাছা এলাকার বথুয়াবাড়ী গ্রামে।
একই রাতে মহিষাবান ইউনিয়নের দাড়াইল বাজার এলাকায় অভিযান চালিয়ে শিহাব আকন্দ (২১) ও আরাফাত হোসেন (২০) নামে আরও দুই যুবককে চার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়। শিহাব আকন্দ উনচুরকী গ্রামের মৃত আমিনুল ইসলামের ছেলে এবং আরাফাত হোসেন পেরীহাট গ্রামের আব্দুর রউফের ছেলে।
অভিযান চলাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটক ব্যক্তিদের বিরুদ্ধে তাৎক্ষণিক বিচার কার্যক্রম সম্পন্ন করেন। আদালত মাসুমকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড, ধুলু ও শরিফুল ইসলাম ফরহাদকে দুই মাস করে কারাদণ্ড এবং শিহাব আকন্দ ও আরাফাত হোসেনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিব হোসেন বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত থাকবে।
সরকারের ঘোষিত মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতাও প্রয়োজন।”
তিনি আরও বলেন, যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মিন্টু ইসলাম
Mintuislam59@gmail.com
ইপেপার