এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় একটি প্লাস্টিক ব্যাগ তৈরির কারখানায় কাজ করার সময় মেশিনে জড়িয়ে আলিফ (১৭) নামে এক কিশোর শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
গত শনিবার (৬ জুন ২০২৬) রাতের কোনো এক সময় দুপচাঁচিয়া পৌরসভার তেলিগাড়ী এলাকায় অবস্থিত নর্থ বেঙ্গল প্লাস্টিক ব্যাগ ফ্যাক্টরিতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলিফ দিনাজপুর জেলার বিরল উপজেলার উত্তর দোগাছী গ্রামের বাসিন্দা। তিনি গুলজার হোসেনের ছেলে এবং দীর্ঘদিন ধরে ওই কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্র ও কারখানার শ্রমিকদের বরাত দিয়ে জানা যায়, আলিফ সুতা তৈরির রোলার মেশিনে কাজ করার সময় অসাবধানতাবশত মেশিনের সঙ্গে জড়িয়ে পড়েন। এতে তিনি মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে দুপচাঁচিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ তরিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ জানায়, ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এ ঘটনায় নিহতের পরিবার ও সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের দাবি, শিল্প-কারখানাগুলোতে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও সচেতন হওয়া জরুরি।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মিন্টু ইসলাম
Mintuislam59@gmail.com
ইপেপার