এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার ধুনট উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ প্রতিরোধ এবং তৃণমূল পর্যায়ে পুলিশের কার্যক্রম আরও গতিশীল করতে গ্রাম পুলিশ সদস্যদের বিভিন্ন দিকনির্দেশনা দিয়েছেন ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুল ইসলাম।
মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) দুপুরে ধুনট থানা চত্বরে উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যদের নিয়ে আয়োজিত এক নির্দেশনামূলক সভায় তিনি এসব কথা বলেন।
সভায় ওসি মো. আতিকুল ইসলাম গ্রাম পুলিশদের নিজ নিজ এলাকার সার্বিক পরিস্থিতির ওপর সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান। পাশাপাশি অপরাধমূলক কর্মকাণ্ড, সন্দেহজনক ব্যক্তির চলাচল, মাদক, চুরি-ছিনতাইসহ আইনশৃঙ্খলা পরিপন্থী যেকোনো কর্মকাণ্ডের তথ্য দ্রুত থানা পুলিশকে অবহিত করার নির্দেশনা দেন।
তিনি বলেন, এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে গ্রাম পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাধারণ মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে দায়িত্বশীলতা, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। কোনো অপরাধের তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানাতে হবে, যাতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয়।
এ সময় গ্রাম পুলিশ সদস্যদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন, জনসচেতনতা বৃদ্ধি এবং পুলিশের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
নির্দেশনামূলক সভায় উপস্থিত ছিলেন ধুনট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আব্দুস শুকুর আলীসহ থানা এসআই ও এএসআই উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মিন্টু ইসলাম
Mintuislam59@gmail.com
ইপেপার