এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার নন্দীগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, পচা ও ফাঙ্গাসযুক্ত দই সংরক্ষণ এবং পোড়া তেলে খাবার প্রস্তুতের অভিযোগে আরব আলী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানটিতে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসকের সার্বিক নির্দেশনায় উপজেলা প্রশাসনের সহযোগিতায় অভিযানে নেতৃত্ব দেন নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম. আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ।
অভিযান চলাকালে হোটেলটিতে ফ্রিজে পচা, ফাঙ্গাসযুক্ত ও বাসি দই সংরক্ষণ এবং বিক্রির জন্য রাখা অবস্থায় পাওয়া যায়। এ ছাড়া খাবার পরিবেশন ও মোড়কজাত করার কাজে খবরের কাগজ ব্যবহার, রান্নাঘরে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুত, তৈরি খাবার অস্বাস্থ্যকরভাবে সংরক্ষণ এবং পোড়া তেলে খাবার তৈরির প্রমাণ পাওয়া যায়। পাশাপাশি খাদ্যকর্মীদের যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ না করার বিষয়টিও অভিযানে উঠে আসে।
এসব অনিয়ম ও অপরাধের বিষয়টি স্বীকার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫১ ধারায় প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
এ ছাড়া প্রতিষ্ঠানে পাওয়া অনিয়মের বিষয়ে ব্যাখ্যা চেয়ে মালিকের কাছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বগুড়া জেলা কার্যালয় থেকে নোটিশ প্রদানের উদ্যোগ নেওয়া হয়।
অভিযানে উপস্থিত ছিলেন বগুড়ার নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল, নন্দীগ্রামের দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক খন্দকার জামিল হোসেন, নমুনা সংগ্রহ সহকারী মো. মামুনুর রশিদসহ সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।
অভিযানকালে আইনশৃঙ্খলা রক্ষায় নন্দীগ্রাম থানা পুলিশের একটি দল দায়িত্ব পালন করে।
অভিযান শেষে হোটেল কর্তৃপক্ষকে খাদ্য উৎপাদন, সংরক্ষণ ও পরিবেশনের প্রতিটি পর্যায়ে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং প্রচলিত আইন ও বিধিবিধান অনুসরণ করে নিরাপদ খাদ্য নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়। জনস্বাস্থ্য সুরক্ষা এবং ভোক্তাদের নিরাপদ খাদ্যপ্রাপ্তি নিশ্চিত করতে এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মিন্টু ইসলাম
Mintuislam59@gmail.com
ইপেপার