এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার ঐতিহাসিক মহাস্থানগড় ভ্রমণ শেষে নিজ বাড়িতে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক ব্যক্তি। শুক্রবার (৫ জুন ২০২৬) বিকেল আনুমানিক ৩টার দিকে মহাস্থান নতুন মাছ বাজার সংলগ্ন মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি বিপ্লব হোসেন (৪০)। তিনি গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিপ্লব হোসেন তার এক বন্ধুকে সঙ্গে নিয়ে মহাস্থানগড় ভ্রমণ শেষে বাড়ি ফেরার উদ্দেশ্যে মহাস্থান নতুন মাছ বাজার এলাকার মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় রংপুর থেকে ঢাকাগামী একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার পর বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
এ ঘটনায় মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যানবাহন চলাচল স্বাভাবিক করে।
হাইওয়ে পুলিশের এক কর্মকর্তা জানান, “মহাস্থানগড় ভ্রমণ শেষে বাড়ি ফেরার পথে রাস্তা পারাপারের সময় বাসের চাপায় বিপ্লব হোসেন নামের এক পথচারী নিহত হয়েছেন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ঘাতক বাসটিকে শনাক্ত ও আটক করার চেষ্টা চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”
এদিকে আকস্মিক এই দুর্ঘটনায় নিহতের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যদের আহাজারিতে এলাকাবাসীর মধ্যেও শোকের আবহ সৃষ্টি হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, মহাসড়কের ওই অংশে পথচারীদের নিরাপদ পারাপারের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়। তারা দ্রুত জেব্রা ক্রসিং, ফুটওভার ব্রিজ অথবা গতি নিয়ন্ত্রক ব্যবস্থা স্থাপনের দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মিন্টু ইসলাম
Mintuislam59@gmail.com
ইপেপার