এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক মহাস্থান এলাকার বারিদার পাড়ায় নবনির্মিত একটি মসজিদের উদ্বোধন, ধর্মীয় আলোচনা সভা ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) পবিত্র ১২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি উপলক্ষে মসজিদ প্রাঙ্গণে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এ আয়োজন করা হয়।
মহাস্থান ইসলাম মানব কল্যাণ পরিষদের সাবেক সভাপতি মরহুম আলহাজ্ব সাখাওয়াত হোসেন বারিদারের পরিবার অনুষ্ঠানের আয়োজন ও সার্বিক ব্যবস্থাপনা করে। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় মুসল্লি, আলেম-ওলামা, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা মসজিদ নির্মাণের ধর্মীয় গুরুত্ব, সমাজে মসজিদের বহুমুখী ভূমিকা এবং নিয়মিত জামায়াতে সালাত আদায়ের প্রয়োজনীয়তা তুলে ধরেন। একই সঙ্গে তরুণ প্রজন্মকে নৈতিক শিক্ষা ও ইসলামী আদর্শে গড়ে তোলার ক্ষেত্রে মসজিদকে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন মোকামতলা কেন্দ্রীয় মসজিদের খতিব ও ইসলামী মানব কল্যাণ পরিষদের সহ-সভাপতি আলহাজ্ব হযরত মাওলানা আমিনুর রহমান। তিনি বলেন, মসজিদ শুধু ইবাদতের স্থান নয়; একটি আদর্শ ও সুশৃঙ্খল সমাজ গঠনের অন্যতম কেন্দ্র। মানুষের নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করার পাশাপাশি অপরাধমুক্ত সমাজ বিনির্মাণেও মসজিদের ভূমিকা গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, মরহুম আলহাজ্ব সাখাওয়াত হোসেন বারিদার যে সদকায়ে জারিয়ার উদ্যোগ রেখে গেছেন, মহান আল্লাহ যেন তা কবুল করেন এবং তাঁর জন্য নাজাতের উসিলা হিসেবে গ্রহণ করেন।
মহাস্থান মাজার মসজিদের সহকারী পেশ ইমাম ও ইসলাম মানব কল্যাণ পরিষদের ধর্মীয় সম্পাদক হাফেজ মাওলানা মো. আব্দুল হামিদ বলেন, মসজিদকে কেন্দ্র করে মানুষের মধ্যে ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ আরও শক্তিশালী করা সম্ভব। বিশেষ করে তরুণদের মাদক, অপরাধ ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে তাদের নিয়মিত মসজিদমুখী করার পাশাপাশি কোরআন-হাদিসের শিক্ষা দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
হাফেজ মাওলানা মতিন বিন হোসাইন বলেন, মসজিদ নির্মাণ নিঃসন্দেহে মহৎ ও সওয়াবের কাজ। তবে মসজিদকে প্রকৃত অর্থে আবাদ রাখতে হলে পাঁচ ওয়াক্ত সালাত জামায়াতের সঙ্গে আদায় এবং দ্বীনি শিক্ষার চর্চা বাড়াতে হবে। মসজিদের সৌন্দর্যের পাশাপাশি এর ঈমানি পরিবেশ বজায় রাখার ওপরও তিনি গুরুত্ব দেন।
আলোচনায় বক্তারা পবিত্র কোরআন ও হাদিসের আলোকে সালাত, বিশেষ করে জুমার নামাজের গুরুত্ব তুলে ধরেন।
তারা এলাকার মানুষকে পারস্পরিক হিংসা-বিদ্বেষ পরিহার করে ঐক্যবদ্ধভাবে নবনির্মিত মসজিদকে দ্বীনি শিক্ষা, ইবাদত ও সামাজিক কল্যাণের কেন্দ্র হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে মরহুম আলহাজ্ব সাখাওয়াত হোসেন বারিদারের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পাশাপাশি তাঁর পরিবারের সদস্যদের জন্য সমবেদনা এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করা হয়। মোনাজাত শেষে উপস্থিত মুসল্লিদের মধ্যে তাবারক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও রায়নগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হিরু, আবু বক্কর সিদ্দিক, আলহাজ্ব নজরুল ইসলাম, শফিকুল ইসলাম বারীদার, শাহাদত হোসেন বারিদার, সবুজ হোসেন বারিদার, আলহাজ্ব ফজলুল বারী, আব্দুল হামিদ খাঁন, সমাজসেবক গোলাম রব্বানী পুটু, শহিদুল ইসলাম, আলহাজ্ব নান্নু, জয়নাল হোসেন, আবু সাঈদ, নছিম উদ্দিন, বকুল, লিটন জলিল, আলিম, সৈয়দ শামীম হোসেন, আনিছার রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এ ছাড়া মহাস্থান প্রেসক্লাবের সভাপতি আনিছুর রহমান মিটু, সাধারণ সম্পাদক এসআই সুমন, কোষাধ্যক্ষ গোলাম রব্বানী শিপন, প্রচার সম্পাদক আব্দুল বারী, রায়নগর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আল আমিন হাসান, জাকিরুল ইসলাম, সাবলু মিয়া, তুহিন ইসলাম, স্মরণ, সাব্বির ইবনে সাদ, পলাশ ইসলামসহ এলাকার বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অনুষ্ঠানে অংশ নেন।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মিন্টু ইসলাম
Mintuislam59@gmail.com
ইপেপার