এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার শাজাহানপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলায় আল আমিন ক্রীড়া চক্রকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে খেলোয়াড় কল্যাণ সমিতি, নয়মাইল।
শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে মাড়িয়া যুব কল্যাণ সংঘের উদ্যোগে আয়োজিত এ ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনের সংসদ সদস্য মোরশেদ মিলটন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, তরুণ প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখতে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে যুবসমাজকে রক্ষা করতে ক্রীড়াচর্চার বিকল্প নেই। লেখাপড়ার পাশাপাশি তরুণদের নিয়মিত খেলাধুলায় সম্পৃক্ত হতে হবে। এ ধরনের প্রতিযোগিতার মধ্য দিয়ে স্থানীয় পর্যায়ে প্রতিভাবান খেলোয়াড় তৈরি হওয়ার সুযোগ সৃষ্টি হয়। পাশাপাশি দেশের ক্রীড়াঙ্গনও সমৃদ্ধ হয়। তিনি এমন একটি আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।
মাড়িয়া যুব কল্যাণ সংঘের সভাপতি ও শাজাহানপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বাদশা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু শাহীন সানি।
এ ছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক আহ্বায়ক আবুল বাসার, জেলা যুবদলের সাবেক আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেমসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
খেলার শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে আক্রমণ-পাল্টা আক্রমণে মাঠে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দর্শকদের করতালি ও উচ্ছ্বাসের মধ্য দিয়ে জমে ওঠে প্রতিযোগিতা। শেষ পর্যন্ত ২-১ গোলের ব্যবধানে জয় তুলে নিয়ে শিরোপা নিশ্চিত করে খেলোয়াড় কল্যাণ সমিতি, নয়মাইল। অন্যদিকে লড়াই করেও রানার্সআপ হয় আল আমিন ক্রীড়া চক্র।
খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। স্থানীয় বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শকের উপস্থিতিতে পুরো আয়োজনটি পরিণত হয় এক মিলনমেলায়।
আয়োজক মাড়িয়া যুব কল্যাণ সংঘের পক্ষ থেকে জানানো হয়, যুবসমাজকে মাদক ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ বিনোদন ও ক্রীড়াচর্চায় উৎসাহিত করা এবং স্থানীয় পর্যায়ে ফুটবলের প্রসার ঘটানোই এ টুর্নামেন্ট আয়োজনের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে তাদের।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মিন্টু ইসলাম
Mintuislam59@gmail.com
ইপেপার