এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার শাজাহানপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১ গ্রাম গাঁজা ও গাঁজা সেবনের সরঞ্জামসহ প্রসেনজিৎ দাস (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে শাজাহানপুর উপজেলার জালশুকা হিন্দুপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
ডিএনসি বগুড়া সূত্রে জানা যায়, ডিএনসি বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল মাদকবিরোধী অভিযানে অংশ নেয়। শাজাহানপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস ঊর্মির নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রসেনজিৎ দাসকে গাঁজা ও গাঁজা সেবনের বাঁশিসহ আটক করা হয়।
গ্রেফতার প্রসেনজিৎ দাস শাজাহানপুর উপজেলার জালশুকা হিন্দুপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম শ্রী গৌরাঙ্গ মালি গনি।
পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় তাকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযানে উদ্ধার করা ১ গ্রাম গাঁজা ও গাঁজা সেবনের বাঁশি নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মাদকদ্রব্যের অপব্যবহার রোধ এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মিন্টু ইসলাম
Mintuislam59@gmail.com
ইপেপার