এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সার্বিক উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছেন মাননীয় সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, গ্রামীণ অবকাঠামো, সড়ক সংস্কার, সেতু-কালভার্ট নির্মাণসহ বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নে তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সরকারি দপ্তরের সঙ্গে সমন্বয় রেখে কার্যক্রম পরিচালনা করছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এলাকাবাসীর ভাষ্য, সংসদ সদস্যের নিয়মিত তদারকি, সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় এবং উন্নয়ন কার্যক্রমে সক্রিয় সম্পৃক্ততার ফলে চলমান বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন দৃশ্যমান অগ্রগতি লাভ করেছে। একই সঙ্গে নতুন উন্নয়ন প্রকল্প অনুমোদন এবং সরকারি বরাদ্দ নিশ্চিত করতে তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করছেন বলেও জানা যায়।
স্থানীয় সূত্র জানায়, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, গ্রামীণ সড়ক আধুনিকীকরণ, নতুন সেতু ও কালভার্ট নির্মাণ, ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার এবং জনদুর্ভোগ নিরসনে বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি, আধুনিক নাগরিক সুবিধা সম্প্রসারণ, কৃষি ও ক্ষুদ্র ব্যবসার বিকাশ এবং টেকসই উন্নয়নের মাধ্যমে জনগণের জীবনমান উন্নয়নের লক্ষ্যেও বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
উন্নয়ন কর্মকাণ্ডের পাশাপাশি অসচ্ছল, দরিদ্র ও দুস্থ মানুষের চিকিৎসা সহায়তা, মানবিক সহযোগিতা এবং বিভিন্ন সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডেও সংসদ সদস্যের সক্রিয় অংশগ্রহণ রয়েছে বলে একাধিক স্থানীয় সূত্র জানিয়েছে। তাদের মতে, মানবিক সহায়তা ও জনসম্পৃক্ত কর্মকাণ্ড সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
এ বিষয়ে সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ সাংবাদিক এম.এ রাশেদকে বলেন,
“শেরপুর-ধুনটের মানুষের প্রত্যাশা পূরণে আমি নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এলাকার টেকসই উন্নয়ন এবং জনগণের কল্যাণে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে। মহান আল্লাহর অশেষ রহমতে মহান সৃষ্টিকর্তা আমাকে অনেক কিছু দিয়েছেন। অর্থের প্রতি আমার কোনো লোভ-লালসা নেই। যতদিন বেঁচে থাকি, ততদিন আমার নির্বাচনী এলাকার মানুষের সেবা করতে চাই। মহান আল্লাহ তাআলা যেন আমাকে দেশের মানুষের কল্যাণে কাজ করার তৌফিক দান করেন - এটাই আমার একমাত্র প্রার্থনা।”
তবে উন্নয়নের ধারাবাহিকতার পাশাপাশি সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করার প্রত্যাশাও ব্যক্ত করেছেন স্থানীয় বাসিন্দারা। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন, কোনো ব্যক্তি যেন রাজনৈতিক দলের পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষের ক্ষতি করতে না পারে, সে বিষয়ে সংসদ সদস্যের আরও কঠোর নজরদারি প্রয়োজন। একই সঙ্গে স্বার্থান্বেষী ও দালালচক্রের প্রভাবমুক্ত থেকে জনস্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান তারা।
এলাকাবাসীর আশা, চলমান উন্নয়ন প্রকল্পসমূহ নির্ধারিত সময়ে সম্পন্ন হলে শেরপুর-ধুনটের যোগাযোগ ব্যবস্থা আরও গতিশীল হবে। এর পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি, ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারিত হয়ে এলাকার সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়নে নতুন গতি সঞ্চার হবে বলে তারা মনে করেন।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মিন্টু ইসলাম
Mintuislam59@gmail.com
ইপেপার