এম,এ রাশেদ, স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে স্টেশন এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, সংরক্ষণ ও পরিবেশনসহ নানা অনিয়মের অভিযোগে চারটি প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে মোট ৪ লাখ ১৫ হাজার টাকা জরিমানা আরোপ ও তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
সোমবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ২টা ৪০ মিনিট পর্যন্ত বগুড়া জেলা প্রশাসকের সার্বিক নির্দেশনায় এবং আদমদীঘি উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ অভিযান পরিচালিতৌঞ্জটট্রঞট্র হয়। অভিযানে নেতৃত্ব দেন আদমদীঘি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল ইসলাম।
অভিযানকালে সান্তাহার রেলওয়ে স্টেশন এলাকার বিসমিল্লাহ হোটেল, গ্রামীণ ফুডস, মৌবন ফুডস ও হোটেল স্টারে বিভিন্ন ধরনের খাদ্য নিরাপত্তা ও ভোক্তা অধিকারবিরোধী অনিয়মের প্রমাণ পাওয়া যায়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বিসমিল্লাহ হোটেলে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, ময়লা-আবর্জনার সঙ্গে মরিচ শুকানো এবং খাদ্যে ব্যবহার নিষিদ্ধ শিল্পকারখানায় ব্যবহৃত লবণ (ইন্ডাস্ট্রিয়াল সল্ট) দিয়ে খাবার তৈরির প্রমাণ পাওয়া যায়। এ ছাড়া ওয়াশরুমের দরজার পাশে বসে খাবারের প্লেট পরিষ্কার এবং অপরিচ্ছন্ন পরিবেশে তৈরি খাবার সংরক্ষণ করতে দেখা যায়। কর্মীদের স্বাস্থ্যবিধি অনুসরণেও ছিল ব্যাপক ঘাটতি।
গ্রামীণ ফুডসে অভিযান চালিয়ে ফ্রিজে দীর্ঘদিনের পুরোনো মাওয়া, ক্ষীর ও দুধের ছানা উৎপাদন বা মেয়াদের তথ্য ছাড়াই সংরক্ষণের বিষয়টি নজরে আসে। পাশাপাশি আমদানিসংক্রান্ত প্রয়োজনীয় প্রমাণপত্র ছাড়াই বিদেশি চকলেট ও খাদ্যপণ্য মজুত এবং বাজারজাত করার অভিযোগ পাওয়া যায়। প্রতিষ্ঠানটিতে খাদ্য উৎপাদন ও সংরক্ষণের পরিবেশও ছিল অপরিচ্ছন্ন।
অন্যদিকে, মৌবন ফুডসে খাদ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করার পাশাপাশি খাবারের মধ্যে পোকার অস্তিত্ব পাওয়া যায়। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণের বিষয়টিও অভিযানে উঠে আসে।
হোটেল স্টারে অভিযান চালিয়ে কাঁচা ও রান্না করা খাবার একই ফ্রিজে সংরক্ষণ, অপরিচ্ছন্ন হাত ও টেবিলে খাবার তৈরি এবং সংবাদপত্রের ছাপার কালি লেগে থাকা কাগজে খাবার পরিবেশন ও সংরক্ষণের মতো অনিয়ম শনাক্ত করা হয়।
এসব অপরাধে দোষ স্বীকারের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত বিসমিল্লাহ হোটেলকে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৯ ধারায় ১ লাখ টাকা, গ্রামীণ ফুডসকে একই আইনের ৩৩ ধারায় ৩ লাখ টাকা, মৌবন ফুডসকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় ৫ হাজার টাকা এবং হোটেল স্টারকে একই আইনের ৪৫ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করেন। সব মিলিয়ে ৪ লাখ ১৫ হাজার টাকা জরিমানা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
এ ছাড়া প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের বিষয়ে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা কার্যালয় থেকে সংশ্লিষ্ট মালিকদের কাছে ব্যাখ্যা তলব করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য অফিসার মো. রাসেল, আদমদীঘি উপজেলা দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক মো. মিজানুর রহমান এবং নমুনা সংগ্রহ সহকারী মো. মামুনুর রশিদসহ সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী। অভিযানের সার্বিক নিরাপত্তায় দায়িত্ব পালন করে সান্তাহার ফাঁড়ি পুলিশের একটি চৌকস দল।
অভিযান শেষে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মালিকদের সরকারি আইন ও বিধিবিধান যথাযথভাবে প্রতিপালন, স্বাস্থ্যসম্মত পরিবেশে খাদ্য উৎপাদন, সংরক্ষণ ও পরিবেশন এবং জনস্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কঠোর নির্দেশনা দেওয়া হয়। জনস্বাস্থ্যের ঝুঁকি রোধ এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মিন্টু ইসলাম
Mintuislam59@gmail.com
ইপেপার