
বগুড়ার ধুনট উপজেলায় একটি কবরস্থানের জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী ব্যক্তি জহুরুল ইসলামের বিরুদ্ধে। কবরস্থানের জমি দখল করে সেখানে গাছপালা রোপণ করায় মৃত স্বজনদের দাফন নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন উত্তর কান্তনগর গ্রামের বাসিন্দারা। এ ঘটনায় প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানায় পৃথক অভিযোগ দিয়েছেন কবরস্থান পরিচালনা কমিটির সভাপতি।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার কালেরপাড়া ইউনিয়নের উত্তর কান্তনগর গ্রামের সর্বস্তরের মানুষের উদ্যোগে ২০১৩ সালে ১৮ শতক জমি ক্রয় করা হয়। পরে ‘জান্নাতুল মাওয়া কবরস্থান’ নামে জমিটি রেজিস্ট্রি করা হয়। এরপর থেকে গত ১৩ বছর ধরে গ্রামের মানুষ তাঁদের স্বজনদের ওই কবরস্থানে দাফন করে আসছেন। ইতোমধ্যে সেখানে অন্তত ৫০ থেকে ৬০ জন মৃত ব্যক্তিকে সমাহিত করা হয়েছে।
কবরস্থান পরিচালনা কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান জানান, গত ২৬ নভেম্বর জহুরুল ইসলাম কবরস্থানের জমি নিজের বলে দাবি করেন। এরপর ভাড়াটে লোকজন দিয়ে কবরস্থানের জায়গা দখল করে সেখানে বিভিন্ন প্রজাতির গাছপালা রোপণ করেন। একই সঙ্গে ওই জায়গায় লাশ দাফন না করতে গ্রামবাসীকে নানা ধরনের ভয়ভীতি দেখানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
কবরস্থান পরিচালনা কমিটির সদস্য আব্দুল মজিদ, আফজাল হোসেন, আল আমিন, নুরন্নবী ও রঞ্জু মিয়া বলেন, কবরস্থানটি কোনো ব্যক্তির একক সম্পত্তি নয়, এটি পুরো গ্রামের মানুষের। দীর্ঘদিন ধরে গ্রামের মানুষ এখানে তাঁদের স্বজনদের দাফন করে আসছেন। হঠাৎ করে কবরস্থানের জায়গা দখলের ঘটনায় ভবিষ্যতে কোনো মৃত ব্যক্তিকে সেখানে দাফন করা যাবে কি না, তা নিয়ে তাঁরা চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছেন। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপে কবরস্থানের জমি দখলমুক্ত করার দাবি জানান তাঁরা।
অভিযোগের বিষয়ে জহুরুল ইসলাম বলেন, ‘আমি অন্যের জমি দখল করিনি। আমার নিজের জমিতে আমি গাছপালা রোপণ করেছি।’
কালেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন শিপন বলেন, কবরস্থানের জায়গা দখলের বিষয়টি তাঁর জানা নেই। জমি নিয়ে কোনো বিরোধ থাকলে উভয় পক্ষকে নিয়ে আলোচনার মাধ্যমে সমাধান করা যেত। তবে কবরস্থানের জায়গা দখল করা ঠিক হয়নি বলে মন্তব্য করেন তিনি।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আতিকুল ইসলাম বলেন, উত্তর কান্তনগর গ্রামের কবরস্থানের জমি দখলের অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ উল্লাহ নিজামী বলেন, কবরস্থানের জমি দখলের বিষয়ে একটি অভিযোগ পেয়েছেন। সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
গ্রামবাসীর দাবি, দ্রুত কবরস্থানের জমির সীমানা নির্ধারণ ও দখলমুক্ত করে তাঁদের স্বজনদের দাফনের স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করা হোক।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মিন্টু ইসলাম
Mintuislam59@gmail.com
ইপেপার